কিশোরগঞ্জের মজার খেলা 'বলাই'
নূরনাহার আক্তার | ৯:৩৯ পূর্বাহ্ন, ৬ মার্চ, ২০১৮

কোন কোন অঞ্চলে বলাই খেলাকে মলাই খেলা বলে। কিশোরগঞ্জ জেলায় এটি বলাই খেলা নামে পরিচিত। বলাই খেলা পানির খেলা। পানিতে নেমে এ খেলা খেলতে হয়। বিশেষ করে এ খেলায় ডুব সাঁতার জানা থাকতে হবে। বলাই ছড়া যুক্ত খেলা। এ খেলায় ছেলেরা নদী বা পুকুরে ডুব সাঁতার কেটে মুখে মুখে ছড়া বলে খেলাটি শুরু করে।
প্রথমে একজন বলে-তোমরা কে কোথায়? দশ বারোজন খেলায়ার সবাই এক সাথে বলে ওঠে-আমি এখানে। তুমি কে? সর্ব প্রথম যে উত্তরে বলবে আমি বলাই। সাথে সাথে সে তার মুখেই বলে ওঠে আমি পলাই। অর্থাৎ এ খেলায় যে বলাই হবে সে তাৎক্ষণিক পানিতে ডুব সাঁতার কেটে পালানোর চেষ্টা করে। আর অন্যেরা তাকে ছুঁয়ে মারতে পারলে সে হয়ে যাবে বলাই। আবার সে বলবে-আমি বলাই, ডুব সাঁতার দিয়ে পলাই। অষ্টগ্রাম অঞ্চলে অবশ্য এটিকে এভাবে বলা হয়-অদ্দুর কি? সওড়া, ব্যাডা অইলে দৌড়া।
আবার অন্যেরা তাকে ধরে ছুঁতে যাবে এভাবে পর্যায়ক্রমে সবাই বলাই হবে আর চক্রাকারে বা পালাক্রমে সবাই বলাই সেজে দীর্ঘক্ষণ পানিতে হৈ-চৈ করে সময় কাটিয়ে দেয়। কখনো কখনো গভীর বা অল্প পানিতেও ডুব দিতে গিয়ে অন্য দশ বারো জন ছেলে একত্রে এসে কাউকে ছুঁতে গিয়ে এমনভাবে সজুড়ে জাপটে ধরে যে, কোন কোন ছেলের নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে এতে কখনো কখনো আনন্দের সাথে মৃত্যুজনিত দুর্ঘটনার আশংক্সক্ষা দেখা দেয়। এ জন্য খেলাটি অত্যন্ত সাবধানে খেলতে হয়। কখনো কখনো কোন দুর্বল খেলোয়ার এটি খেলতে গিয়ে পেট ভর্তি পানি খেয়ে ভেসে ওঠে।

