কিং অব এল ক্লাসিকো জিদান
নিউজ ডেস্ক | ১:১৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর, ২০১৭

এল ক্লাসিকোর উন্মাদনায় পুরো স্পেন যেন কাঁপছে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ধ্রুপদী এই লড়াইয়ের উন্মাদনা সব সময়ই ফুটবলপ্রেমীদের কাছে তুঙ্গে। লা লিগার পয়েন্ট তালিকা এবারের এল ক্লাসিকোটাকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লিগ শিরোপা দৌড়ে টিকে থাকবে নাকি ছিটকে পড়বে, সেই ফয়সালা দিতেই যেন হাজির এবারের এল ক্লাসিকো। স্পেনজুড়ে এখন আলোচনার প্রসঙ্গ তাই একটাই-এল ক্লাসিকো। আর সেই আলোচনার বড় অংশ জুড়ে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
কোচ জিদান আলোচনার বিশেষত্বটা জিদান নিজেই। এল ক্লাসিকোতে তার অর্জন বিচার করে মাদ্রিদের সমর্থকরা, বিশেষ করে রিয়ালের সমর্থকরা জিদানকে বাহারী একটা উপাধিও দিয়ে ফেলেছে, ‘দ্য কিং অব এল ক্লাসিকো।’
ফরাসি কিংবদন্তি রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন দুই বছরও হয়নি। এরই মধ্যে জিদান যে এল ক্লাসিকোতে জয়ের শতকরা হারে বনে গেছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচ! সত্যিই তাই। ২০১৬ সালের ৪ জানুয়ারি রিয়ালের কোচের দায়িত্ব নিয়েছেন জিদান। সেই থেকে এ পর্যন্ত মোট ৫টি এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছেন জিদান। এর ৩টিই জয় পেয়েছে জিদানের রিয়াল। বাকি দুই ম্যাচের একটিতে ড্র, একটিতে হার।
মানে জয়েল শতকরা হার ৬০ শতাংশ। ১১৫ বছরের ক্লাব ইতিহাসে রিয়ালের আর কোনো কোচেরই এল ক্লাসিকোতে জয়ের হার জিদানের সমান নেই।
২০১৬ সালের মার্চে রিয়ালের কোচ হিসেবে নিজের প্রথম এল ক্লাসিকোতেই দলকে ২-১ গোলের জয় এনে দেন জিদান। জিদানের দল জিতেছে গত আগস্টে সুপার কাপের দুই লেগেই।
ন্যু-ক্যাম্পে প্রথম লেগে ৩-১ গোলের জয়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে জেতে ২-০ গোলে। এল ক্লাসিকোতে জিদানের একমাত্র হারটি গত মৌসুমে লিগে ২-৩ গোলে। গত মৌসুমেই লিগের প্রথম লেগে বার্সার ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে ১-১ গোলে ড্র করেছিল জিদানের দল।
এল ক্লাসিকোতে জয়ের হিসেবে রিয়ালের সবচেয়ে সফল কোচ মিগুয়েল মুনোজ। স্পেনের এই কিংবদন্তি কোচ রিয়ালের কোচ হিসেবে মোট ৩৬ বার মুখোমুখি হয়েছেন বার্সেলোনার। সেই ৩৬ ম্যাচের মধ্যে মধ্যে মুনোজের রিয়াল জয় পায় ১৬ ম্যাচে। জয়ের শতকরা হার ৪৪.৪ শতাংশ।
জয়ের হিসেবে রিয়ালের দ্বিতীয় সফল কোচ লূইস মনোউলি। ১৯৭০ ও ৮০-র দশকে ১৩টি এল ক্লাসিকোতে মুখোমুখি হয়ে তিনি রিয়ালকে জয় উপহার দেন ৬টি। জয়ের শতকরা হার ৪৬.১ শতাংশ। জয়ের হিসেবে এর পরের নামটি হোসে মরিনহোর। তিন বছরের রিয়ালের কোচের দায়িত্ব পালনকালে পর্তুগিজ এই কোচ এল ক্লাসিকো পেয়েছেন ১৩টি। যার ৫টিতে জয় পেয়েছেন, জয়ের শতকরা হার মাত্র ২৯.৪ শতাংশ।
স্প্যানিশ-আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ১০টি এল ক্লাসিকোতে জয় পেয়েছেন ৪টিতে। জয়ের হার ৪০ শতাংশ। স্পেনের আরেক কিংবদন্তি কোচ, যিনি স্পেনকে বিশ্বকাপ ও ইউরো জিতিয়েছেন, সেই ভিসেন্তে দেল বস্ক ১০টি এল ক্লাসিকোতে রিয়ালকে জয় এনে দিয়েছেন মাত্র ৩টি। জয়ের হার ৩০ শতাংশ।
জয়ের হারে জিদানের ধারের কাছে কেবল একজন। তিনি প্যাকো ব্রু। রিয়ালের সাবেক এই কোচ ৯টি এল ক্লাসিকোর মধ্যে ৫টিতে জয় পেয়েছেন, জয়ের হার ৫৫.৫ শতাংশ।
২০১৭ সালটি অবিশ্বাস্য কাটিয়েছে রিয়াল। গড়েছে ক্লাব ইতিহাসে প্রথম বারের মতো এক বছরে সর্বোচ্চ ৫ শিরোপা জয়ের অনন্য কীর্তি। কিন্তু নতুন মৌসুমে লিগে রিয়ালের শুরুটা একদমই ভালো হয়নি। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে জিদানের রিয়াল পিছিয়ে পড়েছে ১১ পয়েন্টে। রিয়ালের হাতে অবশ্য একটি ম্যাচ বেশি আছে।
তবে অনেকেই মনে করছেন, শনিবারের এল ক্লাসিকোতে হারলেই লিগ শিরোপা দৌড় শেষ হয়ে যাবে রিয়ালের। কোনো আশা আর থাকবে না। রিয়াল শিবিরও একমাত্র জয় কামনা করেই নামতে যাচ্ছে মাঠে। আর রিয়াল খেলোয়াড়দের জয় প্রত্যাশায় অনুপ্রেরণা জোগাচ্ছেন কোচ জিদান।
৪৫ বছর বয়সী জিদান পারবেন, নিজের হাত যশে আরেকটি এল ক্লাসিকোতে জয় এনে দিয়ে রিয়ালের লিগ শিরোপার আশা বাঁচিয়ে রাখতে? যদি পারেন, ‘কিং অব এল ক্লাসিকো’ পদবীটা আরও পাকাই হবে।

