বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা শচীনকে পেছনে ফেললেন স্মিথ

শচীনকে পেছনে ফেললেন স্মিথ

নিউজ ডেস্ক | ৪:০১ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর, ২০১৭

1513418505.jpg

অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েই যাচ্ছেন স্টিভেন স্মিথ। চলমান পার্থ টেস্টের তৃতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর সেটিকে ডাবলে রূপ দেন। স্মিথের ডাবল সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া।

দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন স্মিথ। ১৩৮ বলে ক্যারিয়ারের ২২তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। বলের হিসেবে এটি স্মিথের দ্রুততম সেঞ্চুরি। অন্যদিকে তৃতীয় দ্রুততম ২২ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। এক্ষেত্রে অজি দলনায়ক পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে।

ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি করতে শচীন খেলেছিলেন ১১৪ ইনিংস। অন্যদিকে ১০৮তম ইনিংসেই ২২তম সেঞ্চুরি করলেন স্মিথ। এই তালিকায় সবার ওপরে রয়েছেন ডন ব্রাডম্যান। অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাত্র ৫৮ ইনিংসেই ২২ সেঞ্চুরি করেন। দুই নম্বরে থাকা সুনিল গাভাস্কারকে ২২ সেঞ্চুরি করতে খেলতে হয়েছিল ১০১ ইনিংস।

ডাবল সেঞ্চুরির পথে চলতি বছর টেস্টে ১ হাজার রান পূর্ণ করেন স্মিথ। এই নিয়ে টানা চার ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার কিংবা ততোধিক রান করার কীর্তি গড়লেন তিনি। তারচেয়ে বেশি টানা হাজার রান করার রেকর্ড রয়েছে শুধু ম্যাথু হেইডেনের। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার টানা পাঁচ মৌসুমে ১ হাজার রান করেন।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৪০৩ রানের বড় সংগ্রহ গড়ে দারুণ কিছুর স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু স্মিথ ও মিচেল মার্শের ৩০১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ উইকেটে ৫৪৯ রানের পাহাড় গড়ে ইংলিশদের ম্যাচ থেকে ছিটকে দেয় অস্ট্রেলিয়া।

স্মিথ ২২৯ এবং মার্শ ১৮১ রান নিয়ে অপরাজিত রয়েছেন। ৬ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়ার লিড এখন ১৪৬ রান।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM