আকমল-বাটের বিশ্বরেকর্ড
নিউজ ডেস্ক | ১১:২৩ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর, ২০১৭

পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল টি-টুয়েন্টি কাপে শুক্রবার ছিল রেকর্ডের দিন। সেখানকার দল লাহোর হোয়াইটসের দুই ওপেনার কামরান আকমল ও সালমান বাট গড়লেন অপরাজিত ২০৯ রানের জুটি।
টি-টুয়েন্টি ফরম্যাটে উদ্বোধনী জুটিতে যা সর্বোচ্চ। প্রতিপক্ষ ইসলামাবাদের বিপক্ষে লাহোর আরও একটি রেকর্ড গড়লো। তা উইকেট না হারিয়ে সর্বোচ্চ রান তোলার। আকমল ব্যক্তিগত একটি মাইলফলক ছুঁয়েছেন। তার অপরাজিত ১৫০ রানের ইনিংস টি-টুয়েন্টিতে পাকিস্তানিদের মাঝে সর্বোচ্চ। এত রেকর্ডের এই ম্যাচ হারলে তা বড় বেমানান হত লাহোরের জন্য। ১০৯ রানের বিশাল ব্যবধানে তারা হারিয়েছে ইসলামাবাদকে।
.
আকমল ও বাটের এই জুটি ভেঙে দিয়েছে এবছরের আগস্ট মাসে গড়া জো ডেনলি ও ড্যানিয়েল বেল-ড্রামন্ডের রেকর্ড। কেন্টের এই দুই ব্যাটসম্যন ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে এসেক্সের বিপক্ষে ২০৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। সব মিলিয়ে এটি টি-টুয়েন্টি ফরম্যাটে মাত্র তৃতীয় ২০০ ছাড়ানো উদ্বোধনী জুটি। সব উইকেট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ জুটিও বটে।
পাকিস্তান জাতীয় দলে ব্রাত্য দুই ক্রিকেটার- আকমল ও বাট দারুণ খেলেছেন এদিন। উইকেটকিপার-ব্যাটসম্যান আকমল মাত্র ৭১ বলে ১৫০ রান করেছেন। প্রথম পাকিস্তানি তো বটেই, অষ্টম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে দেড়শো রানের ইনিংস খেলেছেন। ৩৫ বছর বয়সী আকমল ১৪টি চার ও ১২টি ছক্কা হাঁকিয়েছেন। স্পট ফিক্সিং কেলেংকারিতে জাতীয় দলের বাইরে থাকা বাট ইনিংসজুড়ে সঙ্গ দিয়েছেন আকমলকে। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান খেলেছেন ৫৫ রানের ইনিংস।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ওপেনিংয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭১ রানের অপরাজিত জুটি গড়ে তারা দলকে ১০ উইকেটের জয় এনে দিয়েছিলেন।
সূত্র: পরিবর্তন

