এমন আফ্রিদিকেই বার বার দেখতে চান সাকিব
নিউজ ডেস্ক | ১০:১৬ পূর্বাহ্ন, ১২ নভেম্বর, ২০১৭

শুরুটা করেছিলেন আবু হায়দার রনি ও সুনিল নারিন। তাদের পর্ব শেষ হতেই মঞ্চে আসেন শহিদ আফ্রিদি। ম্যাচের সকল আলো কেড়ে নেন একাই। বল হাতে ঘূর্ণি জাদু দেখান। আর তাতেই কোন মতে শতরানের কোটা পার করে সিলেট সিক্সার্স।
যে দলটি কিনা অভিষেক ম্যাচে ঢাকা ডায়ানামাইটসকে নাকানি চুবানি খাইয়েছিলো। এরপর আবারো আফ্রিদির তান্ডব। তবে এবার ব্যাট হাতে। শুরু করেন ছক্কা বৃষ্টি। আর তাতেই শেষ সিলেট। আফ্রিদির এমন পারফরম্যান্সে দারুণ মুগ্ধ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার কাছ থেকে এমন আক্রমণাত্মক খেলাই বার বার দেখতে চান অধিনায়ক।
.
এদিন বলে হাতে মাত্র ১২ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন আফ্রিদি। এরপর ব্যাট হাতে মাত্র ১৭ বলে ৩৭ রান। যার মধ্যে ৫টি বিশাল ছক্কার মার। ম্যাচের চিত্র একাই বদলে দেন। এমন পারফরম্যান্সই বার বার আশা করেন অধিনায়ক সাকিব, ‘তার (শহিদ আফ্রিদি) কাছে আমরা সব সময় এমন পারফরম্যান্সই আশা করি। এ জন্যই তাকে দলে নিয়েছি। কিন্তু যদিও তা সব সময় হবে না। তবে আমরা জানি, এমন কেউ দলে থাকলে যে কোনো সিচুয়েশন থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ’
শুধু আফ্রিদিই নন এদিন দারুণ বোলিং করেছেন নারিনও। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে পেয়েছেন ৩টি উইকেট। এদিন মাত্র ২ ওভার বল করেছেন সাকিব। তবে আফ্রিদি ও নারিনের সঙ্গে তার ত্রয়ীকে পৃথিবীর সেরা স্পিন আক্রমণ বললেন সাকিব, ‘এ রকম পাওয়া খুবই কঠিন। ঘরোয়া পর্যায়ে এই তিনজনই সেরা পাঁচজনের মধ্যে আছি। এ রকম একটা কম্বিনেশন পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার।’
আর এমন স্পিন আক্রমণ পাওয়াতেই ব্যাটিং ইউনিটের চেয়ে নিজেদের বোলিং ইউনিটকেই এগিয়ে রাখলেন সাকিব, ‘ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে। আফ্রিদি-নারিন আছে, সাথে রনি আছে। সো আমাদের বোলিং কম্বিনেশনটা বেশি ভালো। ব্যাটসম্যানরা তো সব সময় ভালো করতে পারে না। কিন্তু এ রকম বিশ্বমানের বোলিং লাইনই আমাদের সেরা স্ট্রেংথ।’
১০২ রানের লক্ষ্য নিয়ে মাত্র ৭.৫ ওভারেই জয় পায় ঢাকা। দ্রুত জয় তুলে নিলেও ম্যাচের আগে এমন কোন চিন্তা ছিলোনা বলেই জানান সাকিব। ম্যাচ জয়ই ছিল তাদের মূল লক্ষ্য। তবে আফ্রিদি ও লুইসের দানবীয় ব্যাটিংয়ে রান রেটটাও বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

