শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা বিদেশিদের ছাপিয়ে উজ্জ্বল দেশি বোলাররা

বিদেশিদের ছাপিয়ে উজ্জ্বল দেশি বোলাররা

বিপিএল ২০১৭

নিউজ ডেস্ক | ১০:১৫ অপরাহ্ন, ৯ নভেম্বর, ২০১৭

1510244123.jpg

বিপিএলের সিলেট পর্ব শেষে দেখা যাচ্ছে বাংলাদেশি ব্যাটসম্যানদের বেহাল দশা। ৮ ম্যাচ শেষে শীর্ষ দশে মাত্র একজন। কিন্তু বোলাররা কিন্তু ব্যতিক্রমী কাজই করে যাচ্ছেন। বিদেশিদের ছাপিয়ে এখন পর্যন্ত উজ্জ্বল তারা। বিপিএলের শীর্ষ দশ বোলারের ৭ জনই বাংলাদেশি। ১, ৪ ও ৭ নম্বর জায়গা বিদেশি বোলারদের।

.

সিলেট সিক্সার্স সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। ৪টি। অন্য ৬ দল ম্যাচ খেলেছে ২টি করে। সুতরাং, শীর্ষ দশের ওপরের দিকে প্রথম তিনটি ম্যাচ টানা জেতা সিলেটের বোলাররা থাকবেন তাই স্বাভাবিক। হয়েছেও তাই। 

কিন্তু অবাক করা কাণ্ড ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক ও দেশের সেরা বোলার সাকিব আল হাসানের ক্ষেত্রে। ব্যাটিংয়ে অনেক নিচে। বোলিংয়েও তাই। রংপুর রাইডার্স ও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতো তারও শিকার ২ উইকেট। দেশের টি-টুয়েন্টি অধিনায়ক ও বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলের নেতা সাকিব নিশ্চয়ই শনিবার ঢাকায় ফেরা বিপিএলে নিজের ও দলের স্বার্থে আরো জ্বলে উঠতে চাইবেন। একই পণ নিশ্চয়ই বিপিএলের চার আসরের তিনটির শিরোপা জেতা অধিনায়ক মাশরাফির।

৪ ম্যাচের ৩টি খেলেছেন ইংল্যান্ডের পেসার লিয়াম প্লানকেট। সিলেটকে এই তিন ম্যাচে ৬ উইকেট উপহার দিয়েছেন। ইকোনোমি ৬.৬৬। সিলেটের এই বোলার এক নম্বরে। তারই সতীর্থ বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার আবুল হাসান দুই ও তিন নম্বরে। বাঁহাতি তাইজুল সেই হিসেবে বাংলাদেশে বোলারদের মধ্যে এক নম্বরে। ৪ ম্যাচে ৫ উইকেট তার। ওভার প্রতি রান দিয়েছেন ৫.৯২। ওখানে আরেকটু উদারহস্ত বলেই তিন নম্বরে আবুল হাসান। সমান ম্যাচে ৫ উইকেট পেলেও রান দিয়েছেন ওভারে ৮.৪০।

এই তিনের পর আরেক বিদেশি। তিনি টি-টুয়েন্টির বিশ্বজোড়া পরিচিত মুখ ডোয়াইন ব্রাভো। 'চ্যাম্পিয়ন' গানের ক্যারিবিয়ান পেসার ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে হিসেবে এগিয়ে আছেন। ওভার প্রতি রান ৮.০৪। তরুণ অল রাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন আলো ছড়াচ্ছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাস্ট বোলার ২ ম্যাচে শিকার করেছেন ৩ উইকেট। ওভার প্রতি রান দেওয়ার হিসেবে কিছুটা কৃপণ পেসার হিসেবে। ৫.৫০।

এই বিপিএল থেকেই উঠে আসা আরেক পেসার আবু হায়দার রনিও সাইফের মতো ২ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। ঢাকা ডায়নামাইটসের স্ট্রাইক বোলার অবশ্য ৬.৬৬ রান দিয়েছেন ওভার প্রতি। দুই বোলারই ৬ ওভার বল করেছেন এই পর্যন্ত। খুলনা টাইটান্সের জফরা আর্চার ২ ম্যাচে ওভারে ৭.৩৭ রান দিয়ে আছেন ৭ নম্বরে।

এরপর ৭ থেকে ১০ পর্যন্ত আবার বাংলাদেশের তিন বোলার। চিটাগং কিংসের পেসার শুভাশিষ রায় ২ ম্যাচে ৩ উইকেট পেয়েছেন ওভার প্রতি ৮.০৪ রান দিয়ে। খুলনা টাইটান্সের পেসার শফিউল ইসলাম ২ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন ৮.৭১ রান প্রতি ওভারে দিয়ে। দক্ষিণ আফ্রিকায় চরম ব্যর্থ বুধবারের এক ম্যাচ দিয়েই ফর্মে ফিরেছেন। ওই ম্যাচের ৩ উইকেটই তার অর্জন। অবশ্য ওভার প্রতি ৯.৫৭ রান দিতে হয়েছে তাকে।

সিলেটের অধিনায়ক ও স্পিনার নাসির হোসেনও ৩ উইকেট নিয়েছেন। সবচেয়ে ব্যর্থ রুবেল হোসেন। রংপুরের হয়ে ১ ম্যাচ খেললেও কোনো উইকেট পাননি। দিয়েছিলেন ৪৩ রান। রাজশাহী কিংসের মেহেদী হাসান মিরাজ, সিলেটের কামরুল ইসলাম রাব্বি, কুমিল্লার আল-আমিন হোসেন ১টি করে উইকেট নিয়েছেন। তবে সাকিব ও মিরাজ, রুবেলকে বাদ দিলে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের কিংবা লাইনে থাকা বোলাররা বিপিএলের শুরু থেকেই আছেন ছন্দে। যেখানে ব্যর্থতা ব্যাটসম্যানদের।

সূত্র: পরিবর্তন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM