রিয়ালে যাবেন নেইমার: সুয়ারেজ
১১:২৮ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর, ২০১৭

নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর কয়েকমাস কেটে গেলেও আলোচনা থামেনি। এরই মধ্যে নতুন খবর রটেছে, স্প্যানিশ জায়ান্ট বার্সার সাবেক এই তারকা ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে নাম লেখাতে চলেছেন।
গত জুনে আর্জেন্টিনার রোজারিওতে দেশটির সুপারস্টার লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর রাজকীয় বিয়ের অনুষ্ঠান হয়। সেখানেই নাকি বার্সা ছাড়ার কথা সতীর্থদের বলেছিলেন নেইমার। নেইমারের সাবেক ক্লাব সতীর্থ জাভি হার্নান্দেজ তেমনটিই বলেছেন। এবার নেইমারের রিয়ালে যোগ দেওয়ার কথা জানালেন বার্সার উরুগুইয়ান তারকা নেইমারের সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ।
ফুটবল বিশ্বে দলবদলের রেকর্ড গড়া ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজি যোগ দেন ব্রাজিল সুপার স্টার। পিএসজির প্রস্তাব গ্রহণের মাত্র ২ দিন আগে নেইমারের দলবদলের খবরটি প্রকাশিত হয়। কিন্তু জাভির দাবি, নেইমার যে ক্যাম্প ন্যু ছাড়তে চান সেটি তিনি অনেক আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। রোজারিওতে মেসির বিয়ের অনুষ্ঠানের সময় তিনি নিজের মনোভাবের কথা জানান।
এবার সুয়ারেজ জানালেন একই রকম কথা। বার্সার এই তারকা ফরোয়ার্ডের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, নেইমার ২০১৯ দলবদলের মার্কেটে আবারো স্পেনে ফিরতে চায়। ব্রাজিল তারকাই নাকি এমনটি জানিয়েছেন উরুগুইয়ান তারকাকে। আরও জানানো হয়, মোনাকো থেকে পিএসজির ধারে আনা কিলিয়ান এমবাপ্পেকে স্প্যানিশ লা লিগায় নিয়ে যেতে চাইছেন নেইমার। সুয়ারেজের মতে, নেইমার পিএসজিতে মাত্র দুই মৌসুমের জন্য খেলতে গিয়েছে। তিনি জানান, নতুন অভিজ্ঞতার প্রতি অতিরিক্ত ঝোঁক থাকার কারণেই নেইমার কোথাও থিতু হতে চাইবেন না। যেমনটি হননি বার্সায়।
গত কয়েক সপ্তাহ ধরেই নেইমার আর পিএসজির শিবিরে উত্তেজনা বিরাজ করছে। তার মূলেই আছেন ব্রাজিলিয়ান তারকা। ক্লাবের উরুগুইয়ান তারকা এডিনসন কাভানির সঙ্গে দ্বন্দ্বের কথা সবারই জানা। এরপর ক্লাবের কোচ উনাই এমেরির সঙ্গে অনুশীলন নিয়ে ক্ষোভ দেখিয়েছেন নেইমার। ভিডিও অ্যানালাইসিস নিয়েই কোচ-শিষ্যের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

