'খেলাধূলা শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের একটি অন্যতম মাধ্যম'
বিশেষ প্রতিনিধি | ৫:০৭ অপরাহ্ন, ২ মার্চ, ২০১৯

বিশেষ প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মননশীল করে গড়ে তুলতে আরো বেশী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন । আজ ঢাকাস্থ মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন । তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং মানসিক উৎকর্ষের বিকাশ ঘটে । তাই শিক্ষার্থীদের মেধার বিকাশ ও মননশীলতা বৃদ্ধিতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন । তিনি আরো বলেন, খেলাধূলা উন্নত জীবন গঠনের একটি অন্যতম মাধ্যম। এর মাধ্যমে সুস্বাস্থ্য, মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। তাই শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরো দৃঢ করতে খেলাধূলার সুব্যবস্থা নিশ্চিত করতে সকলকে আরো উদযোগী হতে হবে । বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সত্যব্রত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ।

