বাবা নিখোঁজ, রাব্বির বৃত্তিপ্রাপ্তি ও একটি সাহায্যের আবেদন
গোলাম রসূল | ১০:০৫ অপরাহ্ন, ৫ এপ্রিল, ২০১৮

রাব্বির বাবা নিখোঁজ হয়েছেন মাস ছয়েক আগে। মা সিলেট শহরের বাসা-বাড়িতে কাজ নিয়েছেন তিন মাস হল। রাব্বি নিজেও সিলেটের একটি ফার্নিচারের দোকানে কাজ শিখছে এক মাস ধরে। এরই মধ্যে রাব্বি খবর পেয়েছে সে প্রাথমিক সমাপনী পরিক্ষায় বৃত্তি পেয়েছে। বৃত্তির খবর পেয়ে রাব্বি ও তার মায়ের মন অনেকখানি খারাপ হয়ে গেছে কারণ অর্থাভাবে রাব্বি এখনো ক্লাস সিক্সে ভর্তি হতে পারেনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কথা হয় সিলেটে অবস্থানরত রাব্বির মায়ের সাথে। তিনি আমাকে জানালেন রাব্বির বৃত্তি পাওয়ার খবরটা প্রথমে শুনেছেন ওর চাচার কাছ থেকে। পরে রাব্বির স্কুলের নতুন ম্যাডামও ফোন করে এ আনন্দের সংবাদটি দিয়েছেন।
রাব্বির বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওয়ান দিঘীর পাড়ে। অষ্টগ্রাম ঋষিপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে সে এবার সমাপনী পরিক্ষায় অংশ নিয়েছিল।
রাব্বির মা বীণা বেগম জানালেন তার স্বামী মো: হারুন নরসিংদীর একটি হোটেলে কারিগর হিসেবে কাজ করত। গত মহররম মাসে হারুন কাজে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। তার মোবাইল ফোনও বন্ধ। পরিবারের সাথে তার কোন যোগাযোগ নেই।
বীণা বেগম জানালেন হারুনের নিখোঁজ হওয়ার মত কোন কারণ নেই। প্রতিবেশিরা ধারণা করছেন হয়ত হারুন দুর্ঘটনায় মারা গিয়েছে নতুবা অন্য কোন নারীকে বিয়ে করে নতুন করে সংসার পেতেছে। সেকারণে বীণা বেগমও অষ্টগ্রাম কিংবা নরসিংদীর কোন থানাতে সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করেননি। নিয়তিকে মেনে নিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, স্বামী যদি বেঁেচ থাকেন তবে একদিন নিশ্চয়ই ফিরে আসবেন। কিন্তু জীবন যুদ্ধের কঠিন লড়াইয়ে টিকে থাকার জন্য প্রতিদিনই তাকে সংগ্রাম করতে হচ্ছে। তিনি পড়েছেন অর্থকষ্টে।
“টাকার অভাবে ছেলেটাকে স্কুলে ভর্তি করাতে পারিনি। বৃত্তির পাওয়ার খবর শোনার পর থেকে আমার রাব্বির মন অনেক খারাপ হয়ে গেছে। সে স্কুলে ভর্তি হতে চায়। কিন্তু কিভাবে কি করব বুঝতেসিনা। আপনারা যদি একটি সাহায্য করতেন,” আবেদন রাব্বির মায়ের।
রাব্বির মায়ের আবেদনের সাথে একাত্মতা প্রকাশ করে সমাজের সর্বস্থরের মানুষের কাছে আমার আবেদন, আপনারা রাব্বির লেখাপড়ার দায়িত্ব নিতে পারেন। মেধাবী এ ছাত্রটির ভবিষ্যত গড়ে দিতে পারেন। আমার, আপনার সম্মিলিত প্রয়াসে রাব্বি একজন ফার্নিচার মিস্ত্রি না হয়ে হতে পারে রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই আসুন, রাব্বিকে সাহায্য করি, একটি জীবন গড়ি।
সাহায্য পাঠাতে পারেন রাব্বির পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করে অথবা ভাটির রানির মাধ্যমে।-০১৯১১-২১৪৯৯৫।
লেখক: সাংবাদিক ও হাওর উন্নয়নকর্মী।

