মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ মুক্তমঞ্চ হাওরে শিলাবৃষ্টি ও আগাম বন্যা: এখনই প্রস্তুতি নিতে হবে

হাওরে শিলাবৃষ্টি ও আগাম বন্যা: এখনই প্রস্তুতি নিতে হবে

গোলাম রসূল | ১১:৫৭ অপরাহ্ন, ৩১ মার্চ, ২০১৮

1522519078.jpg

বৈশাখ মাস আসতে এখনো দিন দশেক বাকী। কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে বোরো ধান পাকতে শুরু করেছে। কদিন পরেই কৃষক তার কষ্টার্জিত ফসল ঘরে তুলবে বলে আশায় বুক বাধঁছে কিন্তু দু:খের বিষয় হল হাওরের কৃষকদের উদ্বেগ আর দু:শ্চিন্তা বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক শিলাবৃষ্টি। 

গত দুইদিন আগে অষ্টগ্রামসহ কিশোরগঞ্জের হাওরগুলোতে যে পরিমাণ শিলাবৃষ্টি বর্ষিত হয়েছে সেটিকে অনেকেই বলছেন অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। এ কথা সবারই জানা যে ধান যখন পাকতে শুরু করে তখন যদি শিলাবৃষ্টি হয়ে তা ধানের উপর পরে তবে ধান গাছ থেকে মাটিতে অর্থাৎ জমিতে পড়ে যায়। ফলে কৃষক তার কাঙ্খিত ফসল থেকে বঞ্চিত হয়। গত দুইদিন ফেসবুকে ছবি দেখে ও সবার স্ট্যাটাস পড়ে আমার মনের মধ্যে শুধু একটি কথাই উচ্চারিত হচ্ছে-আমার হাওরের কৃষকরা এবার ফসল ঘরে তুলতে পারবে তো?

গেল বছর হাওরবাসীর জন্য দুর্যোগ ছিল আগাম বন্যা। সেবারের বন্যায় হাওরের ফসলসহ মাছ ও বিভিন্ন প্রাণীর ব্যাপক ক্ষতিসাধন হয়েছিল। বন্যা পরবর্তী সময়ে সরকার কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছে। কিন্তু কৃষকদের যে পরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার দরকার ছিল সে পরিমাণ ক্ষতিপূরণ সরকারের পক্ষ থেকে দেয়া সম্ভব হয়নি। আবার যতটুকু দেয়া হয়েছে কৃষকরা সেটিও ঠিকমত পায়নি। উপরন্তু হাওর এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ আর স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীদের পোয়াভারো হয়েছে। ক্ষতিগ্রস্থ ও বঞ্চিত হয়েছে হাওরের হাজারো প্রকৃত কৃষক।

এখন প্রশ্ন হচ্ছে এ অবস্থায় করণীয় কী? উত্তর একটাই, আর সেটি হল প্রস্তুতি। দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ের জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হবে কৃষক ও সরকারের। দুর্যোগ প্রতিরোধ করার ক্ষমতা কৃষক বা সরকারের কারো নেই। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতির মাধ্যমে দুর্যোগকে মোকাবেলা করা সম্ভব। আর সেটি করার প্রকৃত সময় এখন।

আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখলে হাওরের কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকখানি কমানো সম্ভব হবে। যেটুকু ক্ষতি হবে তা পূরণ করা সরকারের জন্যও সহজ হবে। আর সেটি সম্ভব হলে হাওরের কৃষকদের মুখে দু:খের পরিবর্তে থাকবে সুখের হাসি। যে হাসি নিষ্পাপ, সুন্দর ও অমলিন।

লেখক: সাংবাদিক ও হাওর উন্নয়নকর্মী।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM