ইটনা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় উদ্বোধন রাষ্ট্রপতির
নিউজ ডেস্ক | ৬:২৪ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

বুধবার কিশোরগঞ্জের ইটনা থেকে ছিলনি অংশ পর্যন্ত উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
কিশোরগঞ্জের ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
২৪ থেকে ২৮ সেপ্টেম্বর নিজ জেলায় পাঁচ দিনের সফরসূচির অংশ হিসেবে বুধবার এই উদ্বোধন করেন তিনি।
এছাড়া রাষ্ট্রপতি নির্মাণাধীন ইটনা জিরো পয়েন্ট ও তিন উপজেলা সংযোগকারী ইটনা-মিঠামাইন-অষ্টগ্রাম মড়াসড়কের ইটনা থেকে ছিলনি অংশ পর্যন্ত উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
ইটনা উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় উদ্বোধন করে রাষ্ট্রপতি সেখানে কিছু সময় কাটান ও মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন।
এছাড়া তিনি ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠ ও ইটনা গার্লস হাই স্কুল পরিদর্শন করেন। সেখানে স্থানীয় নাগরিক ও পুলিশ প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
তিনি তাদের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
চলতি বছরের ২৪ এপ্রিল টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর নিজ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এটি আবদুল হামিদের দ্বিতীয় সফর।
বৃহস্পতিবার দুপুরে মিঠামাইন উপজেলার কিছু উন্নয়ন কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। বিকাল ৩টায় হাজী তায়েব উদ্দিন স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। রাতে নিজ বাড়িতে থাকবেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতি শুক্রবার মিঠামাইন উপজেলার কামালপুর গ্রামে তার পৈতৃক বাড়ির পাশে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। নামাজের পর তিনি মসজিদের সামনে তার বাবা মো. তায়েব উদ্দিন এবং মা তমিজা খাতুনের কবরস্থানে ফাতেহাপাঠ করবেন।
শুক্রবার দুপুরে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
কিশোরগঞ্জ সফরে রাষ্ট্রপতি সাথে রয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান এবং সংশ্লিষ্ট সচিবরা।

