অষ্টগ্রামের পনিরের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন
গোলাম রসূল | ২:১২ অপরাহ্ন, ৫ আগস্ট, ২০১৮

অষ্টগ্রামের সুস্বাদু বিখ্যাত পনিরের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (আগস্ট ৫) ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, “অষ্টগ্রাম উপজেলা মহামান্য রাষ্ট্রপতির এলাকা। এখানকার পনির অনেক ভালো।”
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, “মহামান্য রাষ্ট্রপতি নিশ্চয়ই আমাদেরকে অষ্টগ্রামের পনির খাওয়ানের ব্যবস্থা করবেন।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কথায় সায় দিয়ে বলেন, ‘অবশ্যই’।
বিদ্যুতের সুবিধাভোগী অষ্টগ্রামবাসীর পক্ষে প্রধানমন্ত্রীর সাথে অনুভুতি ব্যক্ত করেন জেলে রামচরন দাস। তিনি অষ্টগ্রামে শতভাগ বিদ্যুতায়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন বিদ্যুতের ফলে এখন হাওরের জেলেরা মাছের প্রকৃত দাম পাবে। পাশাপাশি তাদের সন্তানেরা লেখাপড়ায় অধিকতর উৎসাহী হচ্ছে। 
এরপর অষ্টগ্রাম-ইটনা-মিটামইনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তাঁর এলাকায় বিদ্যুৎসহ সকল উন্নয়নের সুযোগ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ ভিডিও কনফারেন্সে অংশ নেন।


3 Comments