কিশোরগঞ্জে হামলায় কৃষক লীগ সেক্রেটারি বাচ্চু আহত
নিউজ ডেস্ক | ১১:২৫ পূর্বাহ্ন, ৩১ জুলাই, ২০১৮

কিশোরগঞ্জে হামলায় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু আহত হয়েছেন।
সোমবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের কালীবাড়ী মোড়ের ডিজিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। তিনি ডিজিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সার ডিলার কৃষক লীগ নেতা আবুল হাসেম চিকিৎসার জন্য তার ছেলে ইমনকে নিয়ে সোমবার সন্ধ্যায় ডিজি ল্যাবে যান। এ সময় চিকিৎসকের সহকারীর সঙ্গে সিরিয়াল নিয়ে আবুল হাসেমের কথা কাটাকাটি হয়।
হট্টগোল শুনে ডিজি ল্যাব ব্যবস্থাপক আনোয়ার হোসেন বাচ্চু দোতলা থেকে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় অতর্কিতে আনোয়ার হোসেন বাচ্চুর ওপর হামলা চালান আবুল হাসেমের সঙ্গে আসা তার ছেলে ও সহযোগীরা। আনোয়ার হোসেন বাচ্চুকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহত বাচ্চুকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়।
সূত্র: কিশোরগঞ্জ নিউজ

