বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জ শহরে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ শহরে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক | ৫:৪১ অপরাহ্ন, ২৫ জুলাই, ২০১৮

1532518910.jpg

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকার দু’টি মার্কেটের একটি ফার্মেসী এবং একটি মোবাইল ফোনের দোকানে তালা ভেঙ্গে দুই লক্ষাধিক নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকালে প্রকাশ্য দিবালোকে শহরের পুরানথানা এলাকার আব্দুল লতিফ প্লাজার রাজন এন্টারপ্রাইজ নামের একটি মোবাইল ফোনের দোকান থেকে নগদ ৬০ হাজার টাকা ছাড়াও প্রায় সাড়ে ৭ লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র।

এই চুরির ঘটনার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বুধবার ভোর রাতে ১০০ গজ দূরের জিন্নাত প্লাজায় অবস্থিত এস আলম ফার্মেসী নামের একটি ঔষধের দোকান থেকে প্রায় দেড় লাখ নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবারের চুরির ঘটনায় জড়িত অভিযোগে তানভীর (২৬) ও সলিম উদ্দিন (৫৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তানভীর করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়ার মৃত করিম বেপারীর ছেলে এবং সলিম উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকার মৃত রইছ উদ্দিনের ছেলে।

রাজন এন্টারপ্রাইজের মালিক মো. রাজন জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে দোকানে এসে শাটারের ৪টি তালা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দোকানে ঢুকে তিনি ক্যাশবাক্সের তালা ভাঙ্গা পেয়ে দেখতে পান ক্যাশবাক্সে রাখা ৬০ হাজার টাকা নেই। নগদ এই টাকা ছাড়াও দোকানে রাখা বিভিন্ন ব্র্যান্ডের অন্তত সাড়ে ৭ লাখ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন বলেও জানান রাজন।

এদিকে এই চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার ভোর রাতে শাটারের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী জিন্নাত প্লাজার এস আলম ফার্মেসীতে হানা দিয়ে ক্যাশবাক্সে রাখা প্রায় দেড় লাখ নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে ফার্মেসী মালিক জহিরুল আলম বিষয়টি পুলিশকে জানালে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে আব্দুল লতিফ প্লাজার রাজন এন্টারপ্রাইজ থেকে চুরি করে দুর্বৃত্তদের মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য পাশের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার সকালে ৭/৮ জনের একটি দলের কয়েকজনকে পাহারায় রেখে বাকিরা দোকানটিতে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন দু’টি বড় ব্যাগে করে বের হচ্ছে। পরে তারা মার্কেটের সামনে থেকে রিক্সায় উঠে নির্বিঘ্নে চলে যায়।

পুরানথানা এলাকার ব্যবসায়ীরা জানান, এই দুইটি চুরির ঘটনার কিছুদিন আগে গত ১১ই জুলাই ইসলামিয়া সুপার মার্কেটের সুমন ট্রেডার্স নামের একটি মোবাইল ফোনের দোকানে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। দোকানটি থেকে চোরেরা প্রায় পাঁচ লাখ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনাটিও সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, মঙ্গলবার রাজন এন্টারপ্রাইজে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। চুরি বন্ধ করতে যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার, তারা গ্রহণ করছেন বলেও জানান ওসি আবু শামা মো. ইকবাল হায়াত।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM