করিমগঞ্জে স্ত্রীর মরদেহ বিছানায়, স্বামীরটি রশিতে
নিউজ ডেস্ক | ৯:২৬ অপরাহ্ন, ১১ জুলাই, ২০১৮

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দেউপুর কাজলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, তানভীর হোসেন (২৬) ও শোভা আক্তার (১৮)। তানভীরের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় ও শোভার মরদেহ বিছানায় পাওয়া যায়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ভূঁইয়া জানান, প্রায় সাত মাস আগে তানভীরের সঙ্গে পার্শ্ববর্তী ইটনা উপজেলার শিমুল বাঁক এলাকার আবদুল হকের মেয়ে শোভার বিয়ে হয়। আজ সকালে সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকির পর স্বজনেরা তানভীরের ঘরে ভেন্টিলেটর দিয়ে উঁকি দেন। এ সময় তাঁরা ওই মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনেরা দরজা ভেঙে ঢুকলে বিছানায় শোভা আক্তারের মরদেহও পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, শোভাকে শ্বাসরোধে হত্যার পর তানভীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দুটি কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মুজিবুর রহমান ভূঁইয়া স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘তানভীর এক সময় মানসিক ভারসাম্যহীন ছিলেন। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। প্রাথমিক আলামতে একটি হত্যা ও অপরটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর সঠিক ঘটনা জানা যাবে।’
সূত্র: প্রথম আলো

