বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে পাউন জামে মসজিদের ইমামের উপর হামলা

অষ্টগ্রামে পাউন জামে মসজিদের ইমামের উপর হামলা

অষ্টগ্রাম প্রতিনিধি | ৫:৪৮ অপরাহ্ন, ২৩ জুন, ২০১৮

1529754535.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পাউন জামে মসজিদের ইমামকে কুপিয়ে আহত করেছে তার নিজ এলাকা কাগজীগ্রামের কতিপয় যুবক। 

আহত ইমাম হলেন হাফেজ মাওলানা জাকির হোছাইন আল কাদরী। তিনি বিগত চার বছর ধরে পাউন জামে মসজিদে ইমামতি করে আসছেন। 

প্রতিদিনের মত শনিবার নিজ বাড়ী কাগজীগ্রাম থেকে পাওন জামে মসজিদে ফজরের নামায পড়ানোর উদ্দেশ্যে সাইকেলে যাওয়ার পথে পাউন গ্রামের পশ্চিম পাশে কয়েকজন যুবক তার পথ রোধ করে লোহার রড দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে অষ্টগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয়রা জানায় কয়েকদিন আগে কাগজীগ্রামে ওহাবী মতাদর্শের লোকজন ওয়াজ মাহফিলের আয়োজন করে। তার পরের দিন একই গ্রামে সুন্নী সম্প্রদায়ের মানুষ আরেকটি ওয়াজ মাহফিল করে যার নেতৃত্বে ছিলেন হাফেজ মাওলানা জাকির হোছাইন আল কাদরী। ধারণা করা হচ্ছে ধর্মীয় এ বিরোধের কারণেই জাকির হোছাইনের উপর হামলা করা হয়েছে। 

পরে উত্তেজিত জনতা হামলাকারীদের বাড়িতে পাল্টা হামলা চালালেও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভাঙ্গচুরের খবর পাওয়া গেছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্ল্যাা জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেকারণে ঘটনাস্থল থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM