বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল মাদকের মিথ্যা মামলা: ভৈরবে ওসির বিরুদ্ধে মানববন্ধন

মাদকের মিথ্যা মামলা: ভৈরবে ওসির বিরুদ্ধে মানববন্ধন

নিউজ ডেস্ক | ৭:৩০ অপরাহ্ন, ৩ জুন, ২০১৮

1528032634.jpg

কিশোরগঞ্জের ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় স্থানীয় মাদক বিরোধী আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল নামে এক যুবকের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে বর্তমানে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় কর্মরত অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল আলম তালুকদারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগি ওই যুবকের নেতৃত্বে স্থানীয় লোকজন।

আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড়ে ওই মানববন্ধনে ইমতিয়াজ আহমেদ কাজল বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘তৎকালীন ওসি বদরুলের নানা অপকর্মসহ মাদক কানেকশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাবাস করতে হয়েছে আমাকে। তিনি আমার বিরুদ্ধে পর পর মাদকের দুইটি মিথ্যা মামলা দায়ের করে আমার সামাজিক ও পারিবারিক ভাবমূর্তিকে ক্ষুন্ন করেন। যে কারণে আমার ব্যক্তিগত জীবন এলোমেলো হয়ে পড়ে’।

এ সময় কাজল আরও বলেন, ‘আমি ভৈরবের মাদক বিরোধী আন্দোলনের আহ্বায়ক। অথচ তিনি ইয়াবাসহ আমাকে গ্রেপ্তার করেছেন বলে মামলা রুজু করেন। সাংবাদিকদের কাছে আমাকে ইয়াবাহসহ হাজির করে সংবাদ পরিবেশন করান। শুধু তাই নয়, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হলেও, আমাকে বিএনপির আন্দোলনের সময় করা একটি খুনের মামলায় আসামী করা হয়’।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত ওসি বদরুলকে আশুগঞ্জ থানা থেকে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি।

সূত্র: অর্থসূচক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM