জুনায়েদের চিকিৎসায় তাহের উদ্দিন ও তাঁর বন্ধুরা দিলেন ১.৬০ লাখ টাকা
সহায়তা তহবিল সংগ্রহ আপাতত স্থগিত
গোলাম রসূল | ১:৪০ অপরাহ্ন, ৫ মে, ২০১৮

সন্তানদের সাথে তাহের উদ্দিন
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই স্লোগান নিয়ে ‘জুনায়েদের পাশে আমরা’ ব্যানারে ক্যান্সার আক্রান্ত শিশু জুনায়েদের জন্য আমরা কয়েকজন মিলে একটি তহবিল গঠন করেছিলাম। আমরা সমাজের বিত্তবান, সামর্থবান, দানশীল, পরোপকারী, ও উদার মানুষের প্রতি আহবান জানিয়েছিলাম জুনায়েদের চিকিৎসায় সহায়তা করার জন্য। আমাদের সে উদাত্ত আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন কিছু মানবপ্রেমি। তাঁদের কল্যাণে আমরা জুনায়েদের জন্য পর্যাপ্ত পরিমাণ তহবিল সংগ্রহ করতে সমর্থ হয়েছি। আমরা সংগ্রহ করেছি প্রায় আড়াই লাখ টাকা আর ঢাকায় অবস্থানরত এক ব্যাংকার দম্পতি নিজেদের উদ্যোগে লক্ষাধিক টাকার পৃথক একটি তহবিল গঠন করেছেন। দুইটি তহবিল সমন্বয়ের মাধ্যমে আমরা জুনায়েদের চিকিৎসা করব আগামি দুইবছর।
ডাক্তারগণের দেয়া তথ্যমতে আমাদের সংগৃহীত টাকায় কোমলমতি এ শিশুর চিকিৎসা শেষ হওয়ার কথা। যদি পরবর্তীতে আরো টাকা লাগে তবে আমরা সে ব্যবস্থাও করব। আপাতত আমরা সহায়তা তহবিল সংগ্রহ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে জুনায়েদকে আর্থিক সহায়তা প্রদানকারী ও নানানভাবে সাহায্যকারী সকলের প্রতি রইল অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালবাসা। আপনাদের ভালবাসায় জুনায়েদ এ পৃথিবীর বুকে সুস্থ্যভাবে বেচেঁ থাকবে। এটি চরম ভাললাগার, তৃপ্তির ও আনন্দের বিষয়।
আমরা সকলেই জানি, যে মানুষগণ দান বা সাহায্য করেন তাঁরা সেটি মনের ভাললাগা, বিশালতা ও মহানুভবতার জন্যই করেন। মানুষকে জানানোর জন্য করেন না। আমরা জুনায়েদের চিকিৎসা তহবিলে সহায়তা প্রদানকারী কয়েকজনের নাম উল্লেখ করতে চাই শুধুমাত্র সবাইকে এ ধরণের কাজে উৎসাহিত করার জন্য।
যাদের অবদানে আমরা খুব অল্প সময়ের মধ্যেই পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে পেরেছি তার মধ্যে অন্যতম হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের গর্বিত সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ তাহের উদ্দিন। তিনি নিজে ও বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করে পাঠিয়েছেন ১.৬০ লাখ টাকা। এ বিশাল পরিমাণ টাকা আমাদের সংগৃহীত তহবিলে সিংহভাগ অবদান রেখেছে।
জুনায়েদের জন্য তাহের উদ্দিনের ফেসবুক স্টাটাসটি ছিল এ রকম...“জুনায়েদ একটি ভালবাসার নাম; যার মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসার জন্য স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা, অষ্টগ্রাম থানার সর্বশ্রেণী ও পেশার মানুষ, দেশ ও বিদেশে থাকা ভাই ও বোনেরা যেভাবে মুক্তহস্তে সহযোগীতার হাত বাড়িয়েছে তা সত্যি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে!
বন্ধু এক নির্ভরতার নাম, যাকে অবলন্বন করে অপর এক আত্মা শক্তি পায়, এগিয়ে যায় I জুনায়েদের প্রতি এত্ত ভালবাসা আমাকে দূরদেশেও স্পর্শ করেছে I তাইতো আমার নির্ভরতার জায়গা প্রিয় বন্ধুদের নিকট জুনায়েদের চিকিৎসার জন্য সাহায্য চাইতে কার্পণ্য করিনি I অতি অল্প সময়ে বন্ধু, ভাই ও বোনেরা যেভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়েছেন তা ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করা যাবেনা I
বিশেষ ধন্যবাদ বন্ধু মামুনের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের টার্গেট ফান্ড এচিভ করতে অসুবিধা হয়নি (জানিনা এই লিখাটি তোমার নিকট পৌঁছাবে কিনা; কারণ তুমি তো Facebook use কর না )!! যে ভাই ও বোনেরা তাদের নাম উল্লেখ করে নাই কিন্তু মুক্ত হস্তে দান করেছেন তাঁদের সবার প্রতি আমাদের অশেষ ভালবাসা ও দোয়া ! দোয়া করি আল্লাহ যেন সবার দানকে কবুল করেন এবং জুনায়েদকে দ্রুত সুস্থ করে দেনI ”
আরো যাদের সহযোগীতা না পেলে কাজটি মোটেও সহজ হতো না -সমাজকর্মী ও শিক্ষিকা সৈয়দা নাসিমা আক্তার রীতা, ডাক্তার আশরাফ উদ্দিন আহমেদ, ডাক্তার শাহীন রেজা চৌধুরী, সেলিম আহমেদ, ঝর্ণা আহমেদ, আকাশ রায় জীবন, প্রদীপ রায়, সৈয়দ অতুল ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) পরিবার।
জুনায়েদকে সাহায্যকারী সবাইকে আবারো অনেক ধন্যবাদ।
জুনায়েদের পাশে আমরা

