অষ্টগ্রামে গণধর্ষণকারী ছয় ধর্ষক গ্রেফতার, সর্বোচ্চ শাস্তির দাবি
বিশেষ প্রতিনিধি | ২:০৪ অপরাহ্ন, ১৯ এপ্রিল, ২০১৮

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মামলায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে ভৈরব র্যাব-১৪।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা ভাটির রানিকে জানান “আমি র্যাবের উর্দ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম বিষয়টা দেখার জন্য। তারই ফলশ্রুতিতে র্যাবের একটি দল ধর্ষক ছয়জনকেই ধরতে সক্ষম হয়েছে।”
ওসি কামরুল ইসলাম আরো জানান আসামিদের র্যাব এখন ভৈরবে নিয়ে আসার পর অষ্টগ্রাম থানা পুলিশ ওসির (তদন্ত) নেতৃত্বে সেখান থেকে নিয়ে আসবেন। পরে অষ্টগ্রাম পুলিশ তাদেরকে ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করবেন জবানবন্দি দেয়ার জন্য। সেখান থেকে আদালত তাদেরকে জেলহাজতে পাঠাবেন। এর আগে র্যাব এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে বলে জানালেন তিনি।
“আমি চাই ধর্ষকরা যেন সর্বোচ্চ শাস্তি পায়। অষ্টগ্রামে আর কোনদিন কেউ যেন ধর্ষণ করতে না পারে আমরা সে নজির সৃষ্টি করতে চাই,” যোগ করেন কামরুল ইসলাম।
অষ্টগ্রাম উপজেলা প্রশাসক মো: সালাহ উদ্দিন ভাটির রানিকে জানান, আদমপুরে গণধর্ষণ একটি ন্যাক্কারজনক ঘটনা। এতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এদিকে গ্রেফতারকৃত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন অষ্টগ্রামের সচেতন মানুষসহ সাধারণ জনগণ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে মুখে গামছা বেধেঁ গণধর্ষণ করে একদল যুবক। আহত অবস্থায় কিশোরীকে প্রথমে অষ্টগ্রাম হাসপাতাল ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে রোববার ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষা শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
এ ঘটনায় গত শনিবার (১৪ এপ্রিল) ভিকটিমের মা বাদী হয়ে অষ্টগ্রাম থানায় চারজনের নাম উল্লেখ্যসহ ছয় বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন ওসি কামরুল ইসলাম।


2 Comments