আইনজীবী সমিতির নির্বাচনে রেকর্ড করলেন অষ্টগ্রামের সহিদুল
বিশেষ প্রতিনিধি | ১০:২৫ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮

মো. সহিদুল আলম শহীদ
টানা দশমবারের মতো কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন অষ্টগ্রামের কৃতিসন্তান এ্যাডভোকেট মো. সহিদুল আলম শহীদ।
মঙ্গলবার সহিদুল আলমকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান। সহিদুল আলম আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সহিদুল আলম ভাটির রানিকে বলেন, “অনেক ভালো লাগছে। ভোটাররা আমাকে ভালবাসেন তাই বারবার নির্বাচিত হয়েছি। তাঁরা চাইলে আগামীতেও নির্বাচন করার ইচ্ছে আছে।”
উল্লেখ্য, আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে সহিদুল আলম ছাড়া আর কোনো প্রার্থী সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেননি। ঐদিন মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য পদগুলো হচ্ছে সভাপতি, দুটি করে সহসভাপতি ও সহসাধারণ সম্পাদক, অডিটর, লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক এবং পাঁচটি কার্যকরী সদস্য। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৯১ জন।
সহিদুল আলম ২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। পরবর্তীতে অনুষ্ঠিত সবকটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থী হিসেবে তিনবার এবং বাকি সাতবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

