সুনামগঞ্জের হাওর ইজারামুক্ত, কিশোরগঞ্জের কেন নয়?
বিশেষ প্রতিনিধি | ৪:৩৬ অপরাহ্ন, ৭ জানুয়ারী, ২০১৮

সরকার এ বছর সুনামগঞ্জের হাওর এলাকাকে ইজারামুক্ত ঘোষণা করেছে।
আজ রোববার হাওরের দুর্যোগ প্রতিরোধ জাতীয় কমিটির আহবায়ক ম ইনামুল হকের ফেসবুক পোষ্ট থেকে এ তথ্য জানা গেছে।
এ খবর শোনার পর থেকে কিশোরগঞ্জের মানুষও ইজারামুক্ত হাওর দাবি করছে। তারা বলছেন, যে কারণে সুনামগঞ্জের হাওর ইজারামুক্ত হয়েছে একই কারণে কিশোরগঞ্জের হাওরও ইজারামুক্ত হতে পারে।
ইনামুল হকের ফেসবুক পোষ্টটি নিম্নরুপ:
"অনেকে এই বলে আমাদেরকে কটাক্ষ করেন যে আমরা শুধু ফেসবুকে বিবৃতি দিই। না, তা ঠিক নয়। আমরা এই আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত ও অচল রাষ্ট্রযন্ত্রকে জনস্বার্থে সচল করার জন্যে নানামুখী পদক্ষেপ নিই। তারপর আমরা জনমত সৃষ্টির জন্যে ফেসবুকের মাধ্যমে সেটা অনেককে জানাই। এর একটি ছিল, ভাসান পানিতে লীজ দেবার বেআইনি প্রথাকে ত্যাগ করে হাওর ও বিলগুলিকে জনগণের কাছে উন্মুক্ত করার লক্ষে মৎস দপ্তর ও জেলা প্রশাশকদেরকে চিঠি দেয়া। মৎস দপ্তরকে পাঠানো চিঠির জবাব আমরা এর আগে প্রকাশ করেছি। জেলা প্রশাসক সুনামগঞ্জকে যে চিঠি দেয়া হয়েছিল তা প্রকাশ করা হোল। আমাদের কমিটির সদস্য মিহির বিশ্বাস সম্প্রতি সুনামগঞ্জ ঘুরে এসে জানিয়েছেন, সুনামগঞ্জে এবার হাওর লীজ দেয়া হয়নি। আমরা এজন্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি। আমরা এই সাথে আগের বছরগুলিতে লীজ দেয়া হাওরগুলি লীজমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার আহবান জানাচ্ছি"।


1 Comments