শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল জলমহাল নিয়ে জবরদস্তি

জলমহাল নিয়ে জবরদস্তি

অভিযুক্তদের আইনের আওতায় আনুন

৯:৫২ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর, ২০১৭

1513828374.JPG
জলমহাল

সরকারি দল ও বিরোধী পক্ষ মিলেমিশে কোনো অপকর্ম করলে নিশ্চয়ই এক ধরনের জোর পাওয়া যায়। তাই রাজনৈতিক বিরোধ ছাপিয়ে এসব ক্ষেত্রে নানা সময়ে নানা জায়গায় আমরা ঐক্যের দেখা পাই। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার একটি জলমহাল ইউনিয়ন পর্যায়ের যুবলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতারা এক হয়ে দখল করে নিয়েছেন। তাঁরা স্থানীয় এলাকাবাসী ও জেলেদের সেখানে মাছ ধরতে দিচ্ছেন না। জোরজবরদস্তি আর কাকে বলে!

১২ একরের বেশি ঘাসী গাং দ্বিতীয় খণ্ড জলমহালটি ধরমপাশা উপজেলা প্রশাসনের অধীন এবং তারা একে নিয়মিত ইজারা দিয়ে থাকে। কিন্তু চলতি বাংলা ১৪২৪ সালে এটিকে ইজারা দেওয়া হয়নি। সেই হিসাবে আট মাস ধরে জলমহালটি ইজারাবিহীন রয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলে অস্বাভাবিক ঢল ও বন্যার ঘটনা ঘটেছে, যাতে হাওরবাসী চরম দুর্দশার মধ্যে পড়েছে।

হাওর অঞ্চলের বোরো ধান কৃষকেরা ঘরে তুলতে পারেননি। ফলে এসব অঞ্চলের জীবন-জীবিকা এক কঠিন অবস্থার মধ্যে পড়েছে। তখন বিভিন্ন মহল থেকে এই দাবি উঠেছিল যে হাওরগুলোকে যাতে ইজারা দেওয়া না হয় এবং এলাকাবাসী যাতে হাওর থেকে মাছ ধরে তঁাদের জীবন-জীবিকা চালিয়ে যেতে পারেন।

ধরমপাশার এই হাওরটির এ বছর ইজারা না হওয়ায় আশপাশের গ্রামগুলোর জেলেরা সেখান থেকে মাছ ধরার সুযোগ পেয়ে আসছিলেন। কিন্তু কিছুদিন ধরে স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতা তঁাদের মাছ ধরতে বাধা দিয়ে আসছেন। উপজেলা প্রশাসন যেহেতু কাউকে জলমহালটি ইজারা দেয়নি, তাই তঁাদের এই কাজটি পুরোপুরি বেআইনি। বোঝা যায়, রাজনৈতিক শক্তি ও দাপটের ওপর ভর করেই তঁারা এই কাজটি করার সাহস পেয়েছেন।

স্থানীয় জনগণ ও জেলেদের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নালিশ করা হয়েছে। ফলে জলমহালটি ইজারা দেওয়ার আগ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখার দায়টি এখন উপজেলা প্রশাসনের। আমরা আশা করব, উপজেলা প্রশাসন এই বেআইনি কর্মকাণ্ড এবং জবরদস্তিমূলক আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে, অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসবে।

সূত্র: প্রথম আলো

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM