স্থায়ী নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছেন কিশোরগঞ্জের নুরুল হক
বিশেষ প্রতিনিধি | ১১:১৮ অপরাহ্ন, ২৬ নভেম্বর, ২০১৭

রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সেকায়েপ প্রকল্পে নিয়োগ পাওয়া শিক্ষকরা
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহ্যান্সমেন্ট (সেকায়েপ) প্রকল্পে নিয়োগ পাওয়া শিক্ষকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তায় নেমেছেন।
এদের সঙ্গে সামিল হয়েছেন সেকায়েপ কিশোরগঞ্জ শাখার সভাপতি নুরুল হক। তিনি ভাটির রানিকে জানান, প্রকল্পের শেষ পর্যায়ে এসে গত জুলাই থেকে নানা জটিলতার কথা বলে তাদের বেতন দেওয়া হচ্ছে না। এ বছর ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষের পর নতুন একটি প্রকল্পের মাধ্যমে তাদের পাঠদানের সুযোগ চালু রাখা হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তার বাস্তবায়নের কোন লক্ষণ নেই।
জেলা পর্যায়ে স্মারকলিপি দেওয়ার পর রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দীর্ঘদিন বেতনবঞ্চিত থাকার কথা জানান মাধ্যমিকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের হাজারো শিক্ষক।
মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সাল থেকে চলছে সেকায়েপ প্রকল্প। ধাপে ধাপে প্রকল্পের কলেবর বাড়ানোর পর বর্তমানে সারাদেশে প্রায় ছয় হাজার শিক্ষক পাঠদানে নিয়োজিত।
উল্লেখ্য শিক্ষার গুণগত মান বজায় রাখা, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী করে তোলা, কোচিং বাণিজ্য-বাল্যবিয়ে বন্ধসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা দেখিয়েছে সারাদেশে সেকায়েপে নিয়োগ পাওয়া প্রায় ছয় হাজার সহকারী ক্লাস শিক্ষক (এসিটি)।


1 Comments