বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

তোফায়েল আহমেদ, বিশেষ প্রতিনিধি | ২:১৭ অপরাহ্ন, ১৭ জুলাই, ২০২০

1594973872.jpg

তোফায়েল আহমেদ, বিশেষ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর চ্যান্সেলর মো. আবদুল হামিদের ভাই ও তার সহকারী একান্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল হাই বৃহস্পতিবার দিবাগত রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শুক্রবার সকালে এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম আবদুল হাই সাহেবের অকাল প্রয়াণ আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নির্লোভ, নিরহংকার ও সদা হাস্যজ্জল একজন মানুষ। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হলে কভিড-১৯ পজেটিভ আসে। অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাকে সিএমএইচে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য মরহুম আবদুল হাই ১৯৫৩ সালে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। তিনি মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের সাবেক সহকারী অধ্যাপক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিআরডিবির সভাপতি ও শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাহ’র সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এলাকার উন্নয়নে তিনি বিপুল অবদান রাখেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM