কিশোরগঞ্জে নতুন করে একজনের করোনা শনাক্ত
নিউজ ডেস্ক | ৭:১৮ অপরাহ্ন, ২৪ এপ্রিল, ২০২০

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে একজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।
বুধবার (২২ এপ্রিল) পাঠানো ৯৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পাওয়া যায়। এতে এই একজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।
নতুন করোনা শনাক্ত হওয়া একমাত্র ব্যক্তি ভৈরব উপজেলার। তিনি একজন পুরুষ।
ফলে এই ভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৭৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এক শিশুসহ তিনজন মারা যাওয়া ব্যক্তি রয়েছে। তিনজনেরই মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।
মারা যাওয়া তিনজন হলো, করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া (৪৬), কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার টেনু সাহার গলি এলাকার নিতাই (৬০) এবং হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিন পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে বুধবার (২২ এপ্রিল) সকালে ৯৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে একজনের কোভিড-১৯ পজেটিভ এবং বাকি ৯৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ১৭৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছিল।
নতুন করে একজন সনাক্ত হওয়ার পর এই সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে।
উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪ জন, হোসেনপুর উপজেলার ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, তাড়াইল উপজেলায় ২৪ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ১২ জন, কুলিয়ারচর উপজেলায় ১০ জন, ভৈরব উপজেলায় ৪৩ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ৬ জন, ইটনা উপজেলায় ১১ জন, মিঠামইন উপজেলায় ২৪ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তবে এর বাইরে হোসেনপুর উপজেলার একজন ও তাড়াইল উপজেলার দুইজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ অন্যত্র শনাক্ত হয়েছে। এই তিনজন নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১৭৮ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, সর্বশেষ বুধবার (২২ এপ্রিল) পাঠানো ৯৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে পাওয়া গেছে।
এছাড়া মঙ্গলবার (২১ এপ্রিল), বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ও শুক্রবার (২৪ এপ্রিল) পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পেন্ডিং রয়েছে।
-কিশোরগঞ্জ নিউজ

