বৃহস্পতিবার সকালেই অষ্টগ্রাম অফিসপাড়া খালি!
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৮:১১ অপরাহ্ন, ১৭ অক্টোবর, ২০১৯

মন্তোষ চক্রবর্তী: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বৃহস্পতিবার সকালেই সরকারি অফিস পাড়া শূন্য হয়ে পড়ে। ফলে দরকারি কাজে সাধারণ মানুষ সরকারি অফিসে গেলে কাউকে খুঁজে পাওয়া যায়না। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রম। উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ প্রায় শতাধিক পদে লোকবল না থাকায় অষ্টগ্রাম উপজেলায় সরকারি সেবা পাওয়ার পরিবর্তে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অনেকেই এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেছেন। সরেজমিনে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন সরকারি অফিসগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে দেখা যায় নির্বাহী কর্মকর্তা,স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সমবায় কর্মকর্তার কার্যালয়সহ প্রায় সব কয়টি সরকারি অফিসগুলো খালি এবং সেখানে কয়েকজন মানুষ দরকারি কাজে দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরছেন। সূত্র মতে, জেলা শহর কিশোরগঞ্জ থেকে অষ্টগ্রাম উপজেলার দূরত্ব ও ভৌগলিক অবস্থানের কারণে জেলা সদর থেকে এই উপজেলায় নিয়মিত তদারকি করা খুবই কঠিন। আর এ সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন বেশিরভাগ সরকারি কর্মকর্তা। উপজেলার অতি গুরুত্বপূর্ণ পদে কতিপয় কর্মকর্তারা ষ্টেশনে থাকেন না । আবার অনেক কর্মকর্তা আছেন মাসে এক-দুদিন অফিসে এসে বেতন-ভাতা তুলে আবার চলে যান। ভুক্তভোগীরা জানান, উপজেলার অধিকাংশ কর্মকর্তা বৃহস্পতিবার সকালেই অফিস থেকে চলে যান এবং রবিবার বিকেলে কর্মস্থলে ফেরেন। কোন কোন কর্মকর্তা সোমবারে আসেন। ফলে একদিকে যেমন সংকট সৃষ্টি হচ্ছে তেমনি ব্যাহত হচ্ছে জনসেবা এবং উন্নয়নের তদারকিসহ সরকারি উন্নয়ন কর্মকান্ড। এদিকে জনবল এর অভাবে উপজেলার একমাত্র সরকারি হাসপাতালের যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে না। উপজেলা পরিষদের অর্থে কেনা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার না করার কারণে সাধারণ মানুষকে হাজার হাজার টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফুল আলম বলেন জেলা সভাতে যোগদান করার জন্য তিনি কিশোরগঞ্জে অবস্থান করছেন।

