বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল হাওরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে: রাষ্ট্রপতি

হাওরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে: রাষ্ট্রপতি

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ১১:৪১ অপরাহ্ন, ১৪ অক্টোবর, ২০১৯

1571074900.jpg

মন্তোষ চক্রবর্তী: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন হাওরের বিভিন্ন গ্রামে একসময় স্থানীয় সমস্যা স্থানীয়রা দরবার করে মীমাংসা করে ফেলতেন। মামলা মোকদ্দমা কম ছিল। এখন দরবারিরা একটা পক্ষ নিয়ে নেন। গ্রামের দরবার থানা হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়। এটা মোটেও ঠিক নয়। গ্রামের সমস্যা গ্রামেই মীমাংসা করতে হবে। 

সোমবার বিকালে হাওর উপজেলা অষ্টগ্রাম খেলার মাঠে স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি এসব কথা বলেন। 

তিনি বলেন, “গ্রামে কোন সমস্যা হলে, বিশেষ করে ভিকটিমরা থানায় মামলা করতে আসেন। মামলা হলেই অনেকে তদবির করতে আসেন। এসব তদবির বন্ধ করতে হবে। আমি কলেজে জিএস হয়েছি, ভিপি হয়েছি, এমপি হয়েছি, ডেপুটি স্পিকার হয়েছি, সংসদে বিরোধী দলীয় উপনেতা হয়েছি, স্পিকার হয়েছি, দুইবার রাষ্ট্রপতি হয়েছি। কিন্তু জনগণের সঙ্গে কখনো দূরত্ব তৈরি হয়নি। নির্বাচনে অনেকে বিরুদ্ধেও থাকতে পারে। কিন্তু ইউনিয়নের মেম্বার হোন, চেয়ারম্যান হোন, উপজেলা চেয়ারম্যান হোন, আর এমপি হোন, পাস করার পর আপনারা সবারই প্রতিনিধি। আপনাদের কাছে সবাই সমান। সব মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে। নির্বাচনের আগে ও পরে আচরণের যেন পরিবর্তন না হয়, যেন ‘মুই কি হনুরে’ ভাব না আসে, সেদিকে সচেতন থাকতে হবে। ।

আবদুল হামিদ এক সময়ের অবহেলিত হাওরের বর্তমান উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, “আমি হাওরের তিন উপজেলায় শতাধিক প্রাইমারি স্কুল, হাইস্কুল করেছি। এখন কোন কোন ইউনিয়নে তিনটি হাই স্কুলও আছে। কিন্তু হাওরের শিক্ষার মান নিয়ে আমি সন্তুষ্ট নই। হাওরের ছেলেমেয়েরা বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরির পরীক্ষায় প্রতিযোগিতায় টিকতে পারে না। শিক্ষকদের পাঠদানে আরো আন্তরিক হতে হবে, যেন ছেলেমেয়েরা ভাল মানের শিক্ষা পায়। হাওরের আগামী দিনের উন্নয়ন তাদেরকেই এগিয়ে নিতে হবে। আজকে মদ, জুয়া, হিরোইন, ইয়াবা, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চলছে। এখন হাওরেও হিরোইন, ইয়াবা ঢুকে গেছে। মুরুব্বিদের এসবের বিরুদ্ধে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে তাদের ধরে আইনের হাতে তুলে দিতে হবে।” 

তিনি আরো বলেন, হাওরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে সারাদিন লেগে যেত। এখন মিঠামইন-ইটনা-অষ্টগ্রামের মধ্যে ৩০ কিলোমিটার অলওয়েদার রাস্তার ফলে সড়কপথে ১৫ মিনিটে, আধা ঘন্টায় যাওয়া সুযোগ হচ্ছে। তবে এসব সড়কের দু’পাশে হিজল ও করস গাছ লাগাতে হবে যেন সড়কও ভাল থাকে, সৌন্দর্যও বৃদ্ধি পায়। 

সমাবেশে আরো বক্তৃতা করেন কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম, স্থানীয় সরকারি রোটারী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান প্রমুখ। 

সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়নে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে এলাকার উন্নয়নের কথা বলেন। তিনি স্থানীয়দের কাছ থেকেও বিভিন্ন সমস্যা ও পরামর্শ শোনেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM