বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল হাওরের তিন উপজেলায় রেসিডেন্সিয়াল স্কুল-কলেজ হবে: রাষ্ট্রপতি

হাওরের তিন উপজেলায় রেসিডেন্সিয়াল স্কুল-কলেজ হবে: রাষ্ট্রপতি

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৯:৪৫ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর, ২০১৯

1571024719.jpg

মন্তোষ চক্রবর্তী: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হাওরাঞ্চল এখন আর পিছিয়ে নেই। তিন উপজেলায় রেসিডেন্সিয়াল স্কুল-কলেজ হবে। 

তিনি গতকাল রোববার বিকালে ইটনায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সরকারী কর্মকর্তা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সবাইকে সঠিক সময়ে কর্মস্থলে যাবার আহবান জানিয়েছেন। 

তিনি বলেন, চিকিৎসকরা জেলা শহর থেকে এসে অফিস করেন। অনেকে বৃহস্পতিবার আসতেই চলে যাওয়ার জন্য দৌড় শুরু করেন। এভাবে চলবে না। 

তিনি বলেন, পিছিয়ে থাকা হাওর আর পিছিয়ে নেই। সড়ক যোগাযোগ তৈরি হয়েছে। ইটনায় ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে। এখানে পর্যটন কেন্দ্র হবে। এখনই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আর নিকলীর বিভিন্ন এলাকার সৌন্দর্য দেখার জন্য আসছেন।

ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারী কলেজ মাঠে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। 

তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে এমপি, সবাই নির্বাচনের আগে মানুষের সঙ্গে ভাল ব্যবহার করেন। পাস করলেই ব্যবহার পাল্টে যায়। এটা যেন না হয়। সবসময় ভাল ব্যবহার করতে হবে। 

তিনি বলেন, আমি হাওরের রাস্তাঘাট করে দিচ্ছি। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। কেউ যেন শিল্পকারখানার নামে হাওরের সৌন্দর্য ও প্রাকৃতিক বৈশিষ্ট বিনষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আমি যাদের নিয়ে একসময় রাজনীতি করেছি, তাদের প্রায় সবাই মারা গেছেন। আমার চেয়ে বয়সে ছোটও অনেকে মারা গেছেন। তাদের জন্য রাষ্ট্রপতি আত্মার মাগফিরাত কমনা করেন, নিজের জন্যও দোয়া চান।

সমাবেশে আরো বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারী কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি ওমর ফারুক ও প্রভাষক জসিম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, প্রেস সচিব মো. জয়লাল আবেদীন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও বিভিন্ন স্তরের সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM