রাষ্ট্রপতির সফর: অষ্টগ্রামে উৎসবের আমেজ
মুহাম্মদ জাকির আশরাফী | ৯:২২ অপরাহ্ন, ১৩ অক্টোবর, ২০১৯

মুহাম্মদ জাকির আশরাফী: রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে অষ্টগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজ জেলা কিশোরগঞ্জে সাত দিনের (৯-১৫ অক্টোবর) সফরের অংশ হিসেবে শেষ দিকে জেলার হাওর অষ্টগ্রাম উপজেলায় আগামীকাল (১৪ অক্টোবর) সফর করবেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, সূধী সমাবেশে বক্তব্য, মতবিনিময় সভায় অংশ নেওয়াসহ বিভিন্ন কাজের উদ্বোধন করবেন। সফর সূচী সূত্রে জানা যায়, তিনি ইটনা থেকে অষ্টগ্রাম উপজেলায় এসে পৌঁছাবেন এবং বিকাল ৩ টায় অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সুধী সমাবেশে যোগদান করবেন। ওইদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় তিনি রাত্রিযাপন করবেন। এরপর মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাষ্ট্রপতি অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। দুপুরে অষ্টগ্রাম উপজেলা থেকে ঢাকায় বঙ্গভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। এদিকে রাষ্ট্রপতিকে বরণ করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে রাষ্ট্রপতির সফরের সকল আয়োজন সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। ভাটির রানি অষ্টগ্রামের প্রতিনিধিকে স্থানীয় প্রশাসন বলেন, প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

