অষ্টগ্রামে সংঘর্ষে শিশু-নারীসহ আহত ৭০
১০ বসতঘরে আগুন
মন্তোষ চক্রবর্তী | ৭:২৭ অপরাহ্ন, ৩১ অক্টোবর, ২০১৭

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও মারামারিতে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৭০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পিপলু মিয়া (২০) ও শিশু শ্রাবন (৯) সহ বেশ কয়েকজনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১০টায় আদমপুর ইউনিয়নের নুরপুর উলুকান্দা গ্রামে প্রবাসী জয়নাল গ্রুপ ও একই এলাকার আফার উদ্দিন এর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আফতার উদ্দিনের লোকজন জয়নাল গ্রুপের লোকজনকে মারধর করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে এতে শিশু, নারী পুরুষ সহ প্রায় ৭০ জন আহত হয়।
সংঘর্ষের পর এলাকায় থমথমে বিরাজ করছে এবং পুলিশ মোতায়ন রয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছে রহিমা বেগম (৫৫), আলম (২৩), মজলু মিয়া (২০), শাহজাহান (২০), শিশু মেহেদী (১০), সোহাগ মিয়া (২৩), নয়নতারা (২৫) জহিরুল ইসলাম (২০), নাসির উদ্দিন (২০), মাইন উদ্দিন (৩০), সুমি আক্তার (২৬), মনা মিয়া (৫৫), কবির হোসেন (৩০), ইমাম উদ্দিন (৩৫), রুপসী আক্তার (৫০), খুর্শেদা বেগম (৪০) সহ উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিক অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহত রহিমা বেগম জানান,“ সকাল ১০ টার দিকে এলাকাতে মারামারি চললে আমি আমার ঘরে ভয়ে চলে আসি। কিন্তু ময়ধর, ফয়েজ উদ্দিন, জিন্নত আলী, সাথিক, কাওসার ও মাজুর নেতৃত্বে লোকজন আমার ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে আমাকে প্রচন্ড মারধর করে।”
এ ব্যাপারে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্যা ভাটির রানিকে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

