মিঠামইনে রাষ্ট্রপতির উন্নয়ন কাজ পরিদর্শন
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ১০:৫৩ অপরাহ্ন, ১২ অক্টোবর, ২০১৯

মন্তোষ চক্রবর্তী: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি শনিবার সকালে নিজ বাড়ি থেকে বেরিয়ে স্পিডবোটে চড়ে প্রস্তাবিত মিঠামইন সেনানিবাস স্থল, মিঠামইন-ইটনা অলওয়েদার রোডসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা। বিকালে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে স্থানীয় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, জেএসসি ও জেডিসি পর্যায়ের ৮৫ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান করেন। এছাড়া কর্মসংস্থানের অংশ হিসেবে ১৫ জনকে সেলাই মেশিন প্রদান করেন। অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন কেবল মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম নয়, সারা দেশেই শিক্ষা ও আর্ত মানবতার সেবায় কাজ করবে। তিনি হাওরাঞ্চলে শিক্ষা বিস্তারে এ ফাউন্ডেশন কাজ করে যাবে বলে উল্লেখ করেন। শিক্ষার্থীদের ভালভাবে লেখাপড়া করে উন্নত মানুষ হবার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ। মিঠামইনের নিজ বাড়িতে রাতযাপন করে রোববার পাশের উপজেলা ইটনায় গিয়ে রাষ্ট্রপতির বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবার কথা রয়েছে।

