কিশোরগঞ্জে ১১ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে র্যাব
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৯:৩২ অপরাহ্ন, ১১ অক্টোবর, ২০১৯

মন্তোষ চক্রবর্তী: মেয়েদের উত্যক্ত করার দায়ে কিশোরগঞ্জে ১১ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে র্যাব।
দুর্গা পূজা চলাকালে শহরের একটি পূজা ম-পে মেয়েদের উত্যক্ত করাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের তিন তরুণের ওপর হামলার জের ধরে এদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাহবুব-উল-আলম।
তিনি জানান, শহরের বত্রিশ এলাকার নতুন পল্লী সংঘ মন্দিরে নবমীর দিন ৭ অক্টোবর রাতে আরতি চলার সময় কতিপয় কিশোর মেয়েদের উত্যক্ত করছিল। এতে বাধা দেয়ার ফলে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার কালিয়ারকান্দা এলাকার আব্দুল আউয়ালের ছেলে সাজ্জাদের (১৭) নেতৃত্বে কতিপয় কিশোর হামলা চালিয়ে প্রজেনজিৎ ঘোষ (১৭), শুভ সরকার (১৬) ও তনয় বর্মণ (১৭) নামে তিন কিশোরকে মারাত্মক আহত করে। আহতরা বর্তমানে তারা কিশোরগঞ্জ ও ময়মনসিংহে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বত্রিশ বাসস্ট্যান্ড সংলগ্ন তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্যাং লিডার সাজ্জাদসহ জেলা শহর ও কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকার অন্য ১০ কিশোর ফজলে রাব্বি (১৮), ইয়াছিন ইসলাম (১৮), আব্দুল্লাহ আল নোমান (১৬), আনোয়ারুল ইসলাম (১৮), জুয়েল (১৬), সানি আহমেদ (১৬), ফজলুল করিম (১৯), হৃদয় দত্ত (১৬), সৌমিত্র বৈষ্ণব (১৬) ও আদনান ইসলামকে (১৬) আটক করতে সক্ষম হয়।

