হুমকির মুখে বাংগালপাড়া-চাতলপাড় সড়ক
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ১২:০৮ অপরাহ্ন, ২ অক্টোবর, ২০১৯

মন্তোষ চক্রবর্তী: কিশোরগঞ্জের হাওর অষ্টগ্রাম উপজেলা কাজের ৩ মাসের মাথায় বাংগালপাড়া-চাতলপাড় সড়কের ব্লক সরে যাওয়ার কারণে হুমকির মুখে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডির) ৪৬ কোটি টাকা ব্যয়ের সড়কটি। উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাওরে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ ব্যবস্থার জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি ) ৪৬ কোটি টাকা ব্যয়ে দুইটি প্রকল্পের মাধ্যমে ছোটবড় ৪টি ব্রিজসহ সাড়ে ৭ কিলোমিটার এই সড়কটির গত জুন মাসে কাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) কে সড়কটি বুঝিয়ে দেয়া হয়। কিন্তু সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বাংগালপাড়া ইউনিয়নের লাওড়া গ্রাম থেকে নাজিরপুর গ্রামের সামনের দিক দিয়ে বয়ে যাওয়া সড়কটির ব্লকগুলো সরে যাচ্ছে এবং ব্লক সরে গিয়ে কোথাও কোথাও বড় গর্ত সৃষ্টি হচ্ছে। নাজিরপুর গ্রামের বাসিন্দা বরকত বলেন, বসবাসের জন্য ইট, বালু, সিমেন্ট দিয়ে একটি বাড়ি তৈরি করলেও ১৫-২০ বছর চলে যায়; কিন্ত সড়কটির কাজ শেষ হতে না হতেই এমন অবস্থা কী আর বলব। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বর্ষার পানি আর বৃষ্টি কারণে ব্লক সরে যাচ্ছে। তবে বর্ষার পানি না যাওয়া পর্যন্ত সড়কটির কাজ করার সুযোগ নেই। এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা নির্বাহী প্রকৌশলী আমিরুজ্জামান জানান, আমি নতুন আসছি তাই বিষয়টি অবগত নয়। তবে বিষয়টির খোঁজখবর নিয়ে দেখছি।

