বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কাভার্ড ভ্যানচাপায় কটিয়াদী যুবদল সভাপতি নিহত, স্ত্রী আহত

কাভার্ড ভ্যানচাপায় কটিয়াদী যুবদল সভাপতি নিহত, স্ত্রী আহত

নিউজ ডেস্ক | ৭:২২ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর, ২০১৯

1569072163.jpg

নিউজ ডেস্ক:কটিয়াদীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী কটিয়াদী উপজেলা যুবদল সভাপতি মো. হাবিবুর রহমান রাসেল (৩৮) নিহত হয়েছে। এই দুর্ঘটনায় তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরভী আক্তার গুরুতর আহত হয়েছেন। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. হাবিবুর রহমান রাসেল কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার মো. আবদুল গফুরের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মো. হাবিবুর রহমান রাসেলের দুই ছেলে-মেয়ে কিশোরগঞ্জ সদরের মাদ্রাসায় লেখাপড়া করে। সেজন্য তিনি কিশোরগঞ্জ শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। অন্যদিকে স্ত্রী সুরভী আক্তার ঘাগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী সুরভী আক্তারকে নিয়ে রাসেল মোটর সাইকেলযোগে ঘাগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান। এছাড়া গুরুতর আহত স্ত্রী সুরভী আক্তারকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM