সাংসদ তৌফিকের সভাপতিত্বে অষ্টগ্রাম হাসপাতালের সভা
মন্তোষ চক্রবর্তী | ৫:২২ অপরাহ্ন, ৩০ অক্টোবর, ২০১৭

অষ্টগ্রাম উপজেলা হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার হাসপাতালের সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ অনুপম কুমার দাস।
সভায় হাসপাতালের টেকনিশিয়ান ও পরিচ্ছন্ন কর্মীর অভাব, চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
এছাড়া সভায় হাসপাতালকে ৫০ শয্যা বিশিষ্ট ঘোষণার পরও র্দীঘদিন ধরে ৩১ শয্যা কার্যক্রম চালু থাকায় দুঃখ প্রকাশ করা হয়।
এ সময় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক হাসপাতালের প্রয়োজনীয় চাহিদা ও ৫০ শয্যার কার্যক্রম চালুর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
অষ্টগ্রাম মেডিকেল অফিসার কিশোর কুমার ধর জানান চলতি অক্টোবর মাসে ৩০ দিনে এ হাসপাতালে ৫১ জন প্রসূতির প্রসব কাজ সম্পন্ন করা হয়েছে।
সভায় উপস্থিত ও বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক হায়দারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, স্বাস্থ্য প্রশাসক ডাঃ মোঃ হাছিবুর রহমান ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্যা ও অষ্টগ্রাম প্রেসক্লাব সভাপতি দেবপদ চক্রবর্তী এবং মেডিকেল অফিসারবৃন্দ।

