দিলুয়ার আলী স্যারের স্মরণসভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি | ১:১৮ পূর্বাহ্ন, ২০ আগস্ট, ২০১৯

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলাধীন আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম দিলুয়ার আলী স্যারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট (মঙ্গলবার) বিকালে মধ্য আলীনগর জামে মসজিদ প্রাঙ্গণে স্যারের ছাত্র-ছাত্রীর ব্যানারে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণসভায় উপস্থিত অতিথিবৃন্দ দিলুয়ার আলী স্যারের জীবন ও কর্মের উপর আলোচনা ও স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আইএফআইসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোজতাবা আরিফ খান, অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলফাজ উদ্দিন, দেওঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, গ্রেটওয়াল সিরামিকসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নাজিম উদ্দিন, অষ্টগ্রাম হোসেনীয়া সিনিয়ার মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম মান্নান প্রমুখ। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. সালাহউদ্দিন দিলুয়ার আলী স্যারের নামে একটি শিক্ষাবৃত্তি চালু করার ঘোষণা দেন। পশ্চিম আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জয়নাল আবেদীনের পরিচালনায় এ স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন মো. বোরহান উদ্দিন শেখ। 


