অষ্টগ্রাম উপজেলায় গড়ে উঠছে শিশু পার্ক
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ১১:৪০ পূর্বাহ্ন, ১৪ মার্চ, ২০১৯

মন্তোষ চক্রবর্তী: ভাটির রানি খ্যাত অষ্টগ্রাম উপজেলা। মূল ভুখন্ডের সাথে যোগাযোগের মাধ্যম এখনও পর্যন্ত জলপথ। মহামান্য রাষ্ট্রপতির ঐকান্তিক প্রচেষ্টায় এ জনপদে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নতি এখন দৃশ্যমান। তারপরও নগর জীবনের অনেক সুবিধা এখনও নাগালের বাইরে। এখানে নেই কোন স্টেডিয়াম, বা অবসর কাটানোর কোন বিনোদন স্থান, শিশুদের জন্যও কোন বিনোদনের ব্যবস্থা অদ্যবধি গড়ে ওঠেনি। এমতাবস্থায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই জনপদে শিশু কিশোরদের বিনোদনের উদ্দেশ্য গড়ে উঠছে শিশু পার্ক। পার্কের কাজ চলমান রয়েছে। শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থাসহ রয়েছে নানান জাতের পশুপাখির ভাস্কর্য। চলমান এ পার্ক নিয়ে অস্টগ্রামবাসীর আগ্রহের সীমা নেই। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: সালাহউদ্দিন এর ঐকান্তিক প্রচেষ্টা আর আগ্রহে ধীরে ধীরে পূর্ণতা পেতে যাচ্ছে শিশুপার্কটি। ইউএনও বলেন- শিশুদের মানষিক বিকাশের বিষয়টি মাথায় রেখে এ উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। আশা করছি সকলের জন্য এই পার্কটি বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। তিনি আরো বলেন - এ মাসের মধ্যেই পার্কটির কাজ শেষ করা সম্ভব হবে। স্বাধীনতার মাসে পার্কটি সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

