সংবাদ প্রকাশের পর হাওরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
ভ্রাম্যমান প্রতিনিধি | ৫:২৯ অপরাহ্ন, ১৩ মার্চ, ২০১৯

ভ্রাম্যমান প্রতিনিধি: গত কয়েক দিনে বেশ কিছু জাতীয় পত্রিকায় হাওরে কৃষকদের দুরবস্থা নিয়ে প্রকাশিত সংবাদের পর অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গত ১১ই মার্চ কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আশেক পারভেজ অষ্টগ্রাম হাওরে সারাদিন বিভিন্ন ত্রলাকা পরিদর্শন করে এলাকার কৃষকদের সাথে আলাপ করে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পরামর্শ প্রদান করেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, তিনি কীটনাশক বিক্রেতার দোকানে ইঁদুর নাশক ঔষধ, বিভিন্ন ফাঁদ রাখার পরামর্শ তাছাড়াও ইদুঁর দমনের জন্য আব্দুল্লাহপুর ইউনিয়নের প্রাইমারি স্কুল, হাই স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করে এবং ইদুঁর নিধনে অংশ গ্রহনের জন্য উদ্বুদ্ধ করেন ।
হাওর পরিদর্শনকালে উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ.বি.এম. রকিবুল হাসান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ আনিছুর রহমান, খয়েরপুরÑআব্দুল্লাহপুরের উপ-সহকারি কৃষি কর্মকতা আবু সুফিয়ান মোল্লাসহ উপজেলার কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ।
পরিদর্শন শেষে ১২ই মার্চ জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আশেক পারভেজ এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, “হাওরের মাঠে দেখেছি পশুশাইল দেশি জাতের ধানের জমিতে ইঁদুরের আক্রমণ রয়েছে তবে মহামারি কিছু না।”
ফসলি জমিতে ইঁদুরের আক্রমণে স্থানীয় কৃষি অধিদপ্তরের গাফিলতি আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান খয়েরপুর আব্দুল্লাহপুর এত বড় হাওরে লোকবল কম থাকায় পরামর্শ ছাড়া অন্য সাহায্য করা সম্ভব নয়। তিনি আরো জানান, স্থানীয় অধিদপ্তরের কোন গাফিলতি নেই।
ইঁদুরের উপদ্রবের খবর পাওয়ার পর থেকেই উপজেলা কৃষি অফিস লোকজন স্কোয়ার্ড গঠন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বলে অনেক কৃষকের ভাষ্য।

