সিডনিতে কমতে শুরু করেছে বাড়ির দাম
১২:২৩ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর, ২০১৭

অস্ট্রেলিয়ার প্রধান বাণিজ্যিক শহর সিডনিতে গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো দ্রুত দাম কমতে শুরু করেছে জমি ও বসতবাড়ির। গত পাঁচ বছরের মূল্যবৃদ্ধির অবসান ঘটিয়ে গত তিন মাসে গড়ে ১ দশমিক ৯ শতাংশ করে দাম কমেছে অ্যাপার্টমেন্ট ধরনের বাড়ির। সিডনির ভেতরে ও পূর্ব উপকূলে বসতবাড়ির মূল্য ছয় শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। এ ছাড়া সিডনির উত্তর প্রান্তে মূল্য হ্রাসের হার গড়ে ৬ দশমিক ৭ শতাংশ।
অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোর মধ্যে শুধুমাত্র সিডনি ও ডারউইনেই জমি ও বাড়ির দাম কমতে শুরু করেছে। দেশটির বাজার বিশ্লেষকেরা বলছেন, অস্ট্রেলিয়ায় বিদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংখ্যা ও তাদের মধ্যকার প্রতিযোগিতা বৃদ্ধির কারণে বাড়িঘরের দাম এভাবে কমতে শুরু করেছে। রিয়েল এস্টেট ব্যবসায় চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীর সংখ্যাই বেশি।
গত বছর জমির দাম বৃদ্ধিতে পুরো অস্ট্রেলিয়ায় সিডনিই শীর্ষে ছিল। হঠাৎ এমন দ্রুত মূল্য হ্রাসের ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন সিডনির স্থানীয় আবাসন ব্যবসায়ীরা। অন্যদিকে মূল্য হ্রাসের ফলে বসতবাড়ির দাম অনেকেরই ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বলে ধারণা অভিজ্ঞদের। দেশটিতে বসবাসরত অভিবাসীদের জন্য একে সোনালি সুযোগ বললেও বলা যায়।

