হাওরে হাঁসের খামার বাড়ছে
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৯:০৬ পূর্বাহ্ন, ৪ মার্চ, ২০১৯

মন্তোষ চক্রবর্তী: অত্যন্ত লাভজনক হওয়ায় হাওরাঞ্চলে দিন দিন বাড়ছে হাঁসের খামার। বিশেষ করে হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন হাওরবেষ্টিত উপজেলায় এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে এ অঞ্চলে উৎপাদিত ডিম ও হাঁস স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছে খামার মালিকরা। কিন্তু এসব খামারে মাঝেমধ্যে মড়ক দেখা দেয়ায় হাজার হাজার হাঁস মারা যায়। ফলে খামার মালিকদের আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় এবং বিকল্প পূঁজির অভাবে অনেক খামার ধ্বংস হয়ে যায়। বিষয়টি স্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গনি জানান, অষ্টগ্রামে অগণিত হাওর ও বিভিন্ন জলাশয় থাকায় হাঁস পালনের অপার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে এটি আত্মকর্মসংস্থান সৃষ্টিতেও ভালো ভূমিকা রাখছে। এ উপজেলায় ৭৭ জন হাঁস পালনকারীর তালিকা রয়েছে। এ দিকে হাঁস পালনে ঝুঁকির কথা উলেস্নখ করে স্থানীয় খামারিরা জানান, খামার গঠনের পূঁজি হিসেবে যে পরিমাণ টাকা প্রয়োজন, ক্ষতিগ্রস্ত হলে তার দ্বিগুণ টাকা পুঁজি হিসাবে জোগান দিলে এক বছরের মধ্যেই পুঁঁজিসহ সব টাকা ফেরত পাওয়া যায়। এ বিষয়ে হাওরাঞ্চল ঢাকা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু বলেন, খামারিদের বিনা সুদে সরকারিভাবে ঋণ দেয়া হলে হাওরের এ শিল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর থেকে 'একটি বাড়ি একটি খামার'-এর উপকারভোগীদের নানাভাবে আর্থিক সহযোগিতা দেয়ার সুযোগ রয়েছে।

