কিশোরগঞ্জে চারটি ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে আদালত
মন্তোষ চক্রবতী, ভ্রাম্যমান প্রতিনিধি | ১০:০১ পূর্বাহ্ন, ৯ ফেব্রুয়ারি, ২০১৯

মন্তোষ চক্রবতী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জে চারটি অননুমোদিত ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত ২৬ লাখ টাকা জরিমানা করেছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বৃহস্পতিবার সদর উপজেলা ও হোসেনপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি ইটভাটার কোন বৈধ কাজগপত্র ও অনুমোদন না থাকায় এই বিপুল অঙ্কের টাকা জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আক্তারুজ্জামান টুকু ও র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খানসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বারোতোপা এলাকায় ধানের জমির পাশে নির্মিত ‘আরএমবি’ নামে ইটভাটায় অভিযান চালিয়ে মালিক মো. মোস্তফাকে ৬ লাখ টাকা, চৌদ্দশত এলাকার ‘মেসার্স এমইবি’ ইটভাটার ম্যানেজার সুমন চন্দ্র দেকে ১০ লাখ টাকা, হোসেপুরের পুমদী এলাকায় ‘মেসার্স ইউরেকা ব্রিকস’ নামে ইটভাটার মালিক একেএম মোসাদ্দেককে ৬ লাখ টাকা এবং একই এলাকার ‘মেসার্স রাকিব ব্রিকস’ নামে ইটভাটার মালিক মোশারফ হোসেনকে ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে সবাইকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। তবে সবাই তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করে কারাদন্ড এড়িয়েছেন বলে জানা গেছে। তবে সদর উপজেলার দু’টি ইটভাটা ভ্রাম্যমান আদালত ভেঙে দিয়েছেন বলেও জানা গেছে।

