ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, নিহত ১৩০
নিউজ ডেস্ক | ৯:৫০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর, ২০১৭

ইরান ও ইরাকের সীমান্ত অঞ্চলে ৭.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এতে কমপক্ষে ১৩০ জন নিহত ও তিন শতাধিক লোক আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় ৯টা ২০ মিনিটে এ ভূমিকম্প ৩৩.৯ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।
মার্কিন জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়। ইরাকি শহরের হালবাহের ৩২ কিলোমিটার (২০ মিমি) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে এই ভূমিকম্প।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্পের সময় দুই দেশের সীমান্তবর্তী ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এ সময় বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, এটি বেশ কয়েকটি প্রদেশে অনুভূত হয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পে ৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎসংযোগ বিনষ্ট হয়েছে।
কুর্দি টেলিভিশনে বলা হয়, ইরাকি কুর্দিস্তানে অনেক মানুষ তাদের বাড়িঘর রেখে পালিয়ে যায়।
দেশটির পশ্চিমাঞ্চলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইরানি নিউজ চ্যানেল আইআরআইএনএন।

