কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা
৯:৩৮ অপরাহ্ন, ২৭ অক্টোবর, ২০১৭

স্পেন থেকে স্বাধীন হওয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট।
শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৭০-১০ ভোটে প্রস্তাবটি পাস হয়েছে।
প্রস্তাবটি পাস হওয়ার পর বার্সেলোনায় পার্লামেন্টের বাইরে জড়ো হওয়া স্বাধীনতাপন্থীরা উল্লাসে ফেটে পড়েন। তবে ভিন্ন পরিস্থিতি দেখা গেছে মাদ্রিদে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্প্যানিশ সরকার যখন কাতালোনিয়ার ওপর সরাসরি কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠার জন্য তৎপরতা চালাচ্ছে তখনই আঞ্চলিক পার্লামেন্ট এ রায় দিলো।
শুক্রবার স্প্যানিশ সিনেটে বক্তব্য দিতে গিয়ে কাতালোনিয়ায় সরাসরি কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানান স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। কেবল তাই নয়, কাতালোনিয়ার নেতা কার্লেস পুজদেমন, তার ভাইস প্রেসিডেন্ট এবং কাতালোনিয়ার সকল আঞ্চলিক মন্ত্রীদেরকে অপসারিত করতে চান বলেও জানান তিনি।
স্পেনের কাছ থেকে স্বাধীনতার জন্য ১ অক্টোবর গণভোট আয়োজন করে কাতালোনিয়া। গণভোটে ৯০ শতাংশ মানুষ কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে।

