সরকারি হল অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজ
গোলাম রসূল | ৫:৪২ অপরাহ্ন, ১২ আগস্ট, ২০১৮

অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজ
সকল প্রতীক্ষার পর অবশেষে সরকারি হল অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজ।
রোববার (১২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অষ্টগ্রাম রোটারী কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান ভাটির রানিকে বলেন, “আমরা কলেজ পরিবার ও অষ্টগ্রামবাসী আজকে অনেক খুশি। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। আমি এজন্য আমাদের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিককে ধন্যবাদ জানাই।”
অষ্টগ্রাম ছাড়াও কিশোরগঞ্জ জেলার ৯ টি উপজেলার ৯ টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। কলেজগুলো হলো, করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুর কলেজ, হোসেনপুর ডিগ্রি কলেজ, কটিয়াদী কলেজ, কুলিয়ারচর ডিগ্রি কলেজ, নিকলীর মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়া কলেজ ও মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুর কলেজ, হোসেনপুর ডিগ্রি কলেজ, অষ্টগ্রামের রোটারী ডিগ্রি কলেজ, কটিয়াদী কলেজ, কুলিয়ারচর ডিগ্রি কলেজ, নিকলীর মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়া কলেজ ও মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ এই ১০টি কলেজ ছাড়াও সারা দেশের আরো ২৬১টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়।


1 Comments