ভাটির রানিতে সংবাদ প্রকাশ: শ্রেণিকক্ষ পাচ্ছে শিক্ষার্থীরা
মাহমুদ কামাল, কটিয়াদী | ১১:২১ পূর্বাহ্ন, ৩১ জানুয়ারী, ২০১৮

খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা
ভাটির রানি অনলাইনে প্রকাশিত সংবাদকে আমলে নিয়ে খোলা আকাশের নিচে পাঠরত শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষ প্রদানের উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন।
গত ৯ জানুয়ারি ‘কটিয়াদীর দিয়াকুল প্রাথমিক বিদ্যালয়: খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা’ শিরোনামে ভাটির রানিতে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান কেয়া, সহকারি কমিশনার (ভূমি) গোলাম মুর্শেদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তার গোচরিভূত হয়। তাঁরা সবাই শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষ প্রদানের বিষয়ে আন্তরিকতা প্রকাশ করে উদ্যোগ নেন। এর অংশ হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইতিমধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করে গিয়েছেন।
সহকারি কমিশনার (ভূমি) গোলাম মুর্শেদ ভাটির রানিকে জানান বিদ্যালয়টি নিকটবর্তী আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে স্থানান্তর করার উদ্যোগ নিয়েছি। এ জন্য ঢাকায় অবস্থানরত উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল ফজল আনার মিয়াকে খবর দেয়া হয়েছে। তিনি আসলে আলোচনা করে আশা করি আগামী এক মাসের মধ্যে একটা ব্যবস্থা হবে।
উল্লেখ্য বিগত ১০ বছর ধরে খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস করে আসছে কটিয়াদী উপজেলাধীন পাড় দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। তাদের জন্য নেই কোন শ্রেণিকক্ষ। তাই বাধ্য হয়েই সব শিক্ষার্থীকেই বাহিরে ক্লাস করতে হচ্ছে।
এই কনকনে শীতে ছয়জন শিক্ষক প্রতিদিন শিক্ষার্থীদেরকে মাটিতে বসিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন।

