কটিয়াদীর দিয়াকুল প্রাথমিক বিদ্যালয়: খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা
মাহমুদ কামাল, কটিয়াদী, কিশোরগঞ্জ | ১০:২১ অপরাহ্ন, ৯ জানুয়ারী, ২০১৮

খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা- ছবি: মাহমুদ কামাল
বিগত ১০ বছর ধরে খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস করে আসছে কটিয়াদী উপজেলাধীন পাড় দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। তাদের জন্য নেই কোন শ্রেণীকক্ষ। তাই বাধ্য হয়েই সব শিক্ষার্থীকেই বাহিরে ক্লাস করতে হচ্ছে।
জানা যায়, বিদ্যালয়টি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয় ৫১ শতাংশ জায়গার উপর। কিন্তু ঐ সময় জায়গাটির কোন রেজিষ্ট্রেশন না হওয়ায় জায়গাটির দাতার ওয়ারিশগণ পরবর্তীতে বিদ্যালয়ের ভূমি দখল নেয়ার জন্য বিভিন্ন প্রকার ফন্দি আঠে। অবশেষে ২ শতাংশ জায়গা রেখে বাকী জায়গা দখলে নিয়ে বাড়িঘর নির্মাণ করে। ২ শতাংশ জায়গাতে একটি কক্ষ আছে। যার মাধ্যমে অফিসের কার্যক্রম চালাতে হয় আর বাকী চারশত শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হয় বাহিরে।
এই কনকনে শীতে ছয়জন শিক্ষক প্রতিদিন শিক্ষার্থীদেরকে মাটিতে বসিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিদ্যালয়টির জন্য পুনরায় নতুন করে জায়গা বরাদ্ধ নিতে না পারলে কালের আবর্তে বিলীন হয়ে যাবে এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি এবং অনিশ্চয়তার সূতোয় ঝুলে থাকবে কোমলমতি শিশুদের নিশ্চিৎ ভবিষৎ।
বিদ্যালয়টি নিকটবর্তী আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে স্থানান্তর করার উদ্যোগ নিলেও উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল ফজল আনার মিয়া কিছুতেই রাজী হচ্ছেন না। এমতাবস্থায় উপজেলা ও জেলা শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করলেও তারা কোন সমাধান করতে পারছেন না। ফলে বিপর্যয়ের মুখে বিদ্যালয়টির শতশত শিক্ষার্থী।

