কিশোরগঞ্জে পিএসসি মাধ্যমিক শিক্ষাবৃত্তি প্রদান
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৮:৩৬ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি, ২০১৯

মন্তোষ চক্রবর্তী ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জে দয়াল মোহনলাল ওয়েলফেয়ার সংগঠনের পক্ষ থেকে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাথমিক সমাপনী ও এসএস তরফদার মাধ্যমিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সেরা রক্তদাতা পলাশ কর্মকারকেও সম্মাননা জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের বত্রিশ এলাকায় শ্রীশ্রী দয়াল মোহনলাল চাঁন ফকির মন্দির প্রাঙ্গনে সংগঠনের অধ্যক্ষ ভৈরবের সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান খোকন রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, বিশেষ অতিথি জেলা প্রেস ক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা পরিমল দত্ত, তপন কান্তি সরকার, সংগঠনের সদস্য তারকনাথ সাহা, বৃত্তি কমিটির আহবায়ক রাজু সাহা, অভিভাবক শেফালী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, এ ধরনের একটি সংগঠনের জনকল্যাণমূলক ভাল ভাল কাজের মধ্যে একটি অন্যতম ভাল কাজ হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। এর মাধ্যমে শিক্ষার্থীরা উজ্জীবিত হবে, উদ্বুদ্ধ হবে। এছাড়া রক্তদান কর্মসূচী, বন্যার্তদের সাহায্য, গরিব শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি বিতরণ কর্মসূচীও এ সংগঠনের পক্ষ থেকে পরিচালনা করা হয় বলে অনুষ্ঠানে জানানো হয়। আর প্রস্তাবিত কর্মসূচীর মধ্যে রয়েছে অনাথ স্কুল নির্মাণ, বনায়ন, পরিবেশ পরিস্কার পরিচ্ছন্নকরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ইত্যাদি।

