১০ কেজি সোনাসহ আমিরাত ফেরত তিনজন গ্রেপ্তার
১২:৩০ অপরাহ্ন, ২৬ অক্টোবর, ২০১৭

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পথে প্রায় ১০ কেজি সোনাসহ আমিরাত ফেরত তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন- ফারুক আহমেদ (৩৮), মীর হোসেন (২৮), মো. শাহিন (২১)।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান জানান, বুধবার রাতে বিমানবন্দর থেকে বের হবার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তাদের কাছে নয় কেজি ৩৩০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার পাওয়া যায়।
ওই তিনজন রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন।
উদ্ধার সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা বলে জানান তিনি।

