‘পালানোর পথ খুঁজছে সরকার’
নিউজ ডেস্ক | ১১:৪০ অপরাহ্ন, ৯ নভেম্বর, ২০১৮

নিউজ ডেস্ক: সরকার পালানোর পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, এই সরকারের ভিত হলো পুলিশ, ঘুষ, অনাচার ও দুর্নীতি, গায়েবি মামলা আর গ্রেপ্তার। কিন্তু তাদের ভিত নড়ে গেছে। তারা এখন পালানোর পথ খুঁজছে।
শুক্রবার বিকেলে রাজশাহীর আলিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় জনসভায় এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে বাস বন্ধ, যোগাযোগ বন্ধ, তারপরও আপনারা হেঁটে এসেছেন। আমরা-আপনারা আন্দোলনে আছেন, আপনারা মাঠে থাকেন। আপনাদের বিজয় সুনিশ্চিত।’
জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, এবার আপনারা জয়ী হবেন, জয়ী হলে কী হবে? কৃষক শ্রমিকদের শাসন প্রতিষ্ঠা হবে। কৃষকের পণ্যের মূল্য নেই, শ্রমিকের শ্রমের মূল্য নেই। এসব প্রতিষ্ঠিত হবে।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘এখানে আজ যারা এসেছেন সবাইকে কি গ্রেপ্তার করা সম্ভব? সম্ভব নয়। তাহলে আপনারা মাঠে থাকেন। আপনাদের বিজয় নিশ্চিত। সরকার যত প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন, ভোট প্রয়োগের মাধ্যমে তাদের পরাজিত করতে হবে। জনগণের বিজয় সুনিশ্চিত।’
আজ দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়। শারীরিক অসুস্থতার কারণে আজকের জনসভায় যোগ দিতে পারেননি জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তবে তিনি জনসভায় মুঠোফোনে বক্তব্য দিয়েছেন।
সূত্র: এনটিভি

