এম কে আনোয়ারের বাসায় গিয়ে খালেদার সমবেদনা
১১:৫৯ অপরাহ্ন, ২৪ অক্টোবর, ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় গিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এম কে আনোয়ারের ওই বাসায় যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি এম কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ার ও ছেলের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমবেদনা জানান।
এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে যান।
গতকাল সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় মারা যান এম কে আনোয়ার।

